
আজ মহান একুশে ফেব্রুয়ারি। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্তি। অমর শহীদদের স্মৃতিতে গভীর শ্রদ্ধা, অশ্রুসিক্ত ভালোবাসা আর গৌরবের দিন। ১৯৫২ সালের এই দিনে ‘বাংলা’কে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ববাংলার ছাত্র-যুবসমাজ অন্যায় ১৪৪ ধারা ভেঙে রাজপথে নেমে এসেছিল।
মাতৃভাষার অধিকার আদায়ের সেই মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকসহ নাম না-জানা আরও অনেকে। তাদের বুকের তাজা রক্তে রাঙানো পথই পরবর্তীকালে স্বাধীনতার আন্দোলনের বীজ বপন করেছিল। একুশ তাই কেবল শোকের দিন নয় এটি আত্মমর্যাদা, অধিকার আর সংগ্রামের দীপ্ত প্রতীক।
১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে বিশ্বজুড়ে দিনটি পালিত হচ্ছে ভাষাগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক সহাবস্থানের প্রতীক হিসেবে। যা বীর বাঙালির জন্য অহংকারের। কারণ বীর বাঙালির ভাষা আন্দোলন আজ বিশ্বের সকল মাতৃভাষার অধিকার রক্ষার অনুপ্রেরণা।
একুশ আমাদের শিখিয়েছে ভাষা মানে আত্মপরিচয়, ভাষা মানে স্বাধীন সত্তা। শহীদদের রক্তঋণ শোধ করার একমাত্র পথ হলো মাতৃভাষার মর্যাদা রক্ষা, শুদ্ধ ব্যবহার ও সমৃদ্ধ চর্চা। আজকের এই প্রভাতে সমগ্র জাতির অঙ্গীকার একুশের চেতনা বুকে ধারণ করে গড়ে উঠুক মানবিক, সাম্যভিত্তিক ও বৈচিত্র্যময় এক বিশ্ব।
ভাষার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের প্রতি জাতির বিনম্র প্রণাম আর হৃদয়ের আর্তি আজ একাকার। একুশের প্রভাতে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরিসহ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা আন্দোলনের অমর শহীদদের। হাজারো মানুষ ছুটে যান শহীদদের কবরে। পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে জানান অমলিন শ্রদ্ধা।
একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন। এদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় আজিমপুর কবরস্থানে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দেশের সব মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে অনুষ্ঠিত হবে বিশেষ প্রার্থনা। দিবসটির তাৎপর্য তুলে ধরতে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল ও গণমাধ্যমে প্রচার করা হচ্ছে একুশের বিশেষ অনুষ্ঠানমালা।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ‘ দৈনিক ঈশান’-এর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
You cannot copy content of this page