
বদলে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম। নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বা এসআইএফ।
মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এ বিষয়ে একটি কমিটি সুপারিশ করেছিল। এ ব্যাপারে এখন আদেশ (অর্ডার) হবে।
র্যাবের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০০৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে সংস্থাটি জনসাধারণের সামনে আত্মপ্রকাশ করে। প্রথম অপারেশনাল দায়িত্ব পায় একই বছরের ১৪ এপ্রিল রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে নিরাপত্তা জন্য।
এরপর আবার র্যাব মূলত তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত ছিল। ২০০৪ সালের ২১ জুন থেকে র্যাব পূর্ণাঙ্গভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করে। এরপর ক্রস ফায়ার ও গুমের অভিযোগে কলঙ্কিত হয়ে পড়ে সংস্থাটি।









































