
চট্টগ্রামের হাটহাজারী, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় বরাদ্দকৃত উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, নিম্নমানের কাজ ও প্রকল্প বাস্তবায়নে গাফিলতির অভিযোগের ভিত্তিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২ মার্চ) দুদক চট্টগ্রাম কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম চট্টগ্রাম নগরে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে।
দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট তিন উপজেলায় বাস্তবায়নাধীন একাধিক উন্নয়ন প্রকল্পে বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় না করা, কাজের মান বজায় না রাখা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ যাচাইয়ের লক্ষ্যে প্রকল্পসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র তলব করা হয়েছে।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিম এলজিইডি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলীর দপ্তরে গিয়ে অভিযোগের বিষয়ে তার বক্তব্য গ্রহণ করে। সংগৃহীত নথিপত্র পর্যালোচনা শেষে দ্রুত কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুদক সূত্র জানায়, সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারী, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় বরাদ্দকৃত উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, নিম্নমানের কাজ ও প্রকল্প বাস্তবায়নে গাফিলতির অভিযোগ নিয়ে জনপ্রিয় গণমাধ্যম দৈনিক ঈশানে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যা দুদকের নজরে এসেছে। প্রতিবেদনগুলোর উপর ভিত্তি করে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযানে নামে।












































