শুক্রবার- ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রামে বাস উল্টে এক আনসার সদস্য নিহত, আহত ১০

চট্টগ্রামে বাস উল্টে এক আনসার সদস্য নিহত, আহত ১০

সারাদেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী দায়িত্ব স¤পন্ন করে ফেরার পথে চট্টগ্রামে কর্ণফুলী টানেল সড়কে বাস উল্টে গিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন অঙ্গীভূত আনসার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানান কর্ণফুলী টানেল প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদ। তিনি বলেন, বৃহস্পতিবার দিনগত রাত ১.০০ ঘটিকার সময় টানেল সড়কের চৌরাস্তা মোড় অতিক্রম করার সময় ২৩ জন আনসার সদস্য বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে উঠে উল্টে যায়। ঘটনাস্থলেই আনসার সদস্য মো. আব্দুল জব্বারের মৃত্যু ঘটে।

আরও পড়ুন :  চট্টগ্রামে বিএনপির ঝুলিতে ১৪ আসন, ২ আসন জামায়াতের

দুর্ঘটনায় আহতদের মধ্যে ৩ জন সদস্য চট্টগ্রাম বিএনএস হাসপাতালের আইসিইউতে এবং ৭ জন এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্য আহত সদস্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছে। নিহত মো. আব্দুল জব্বারের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। তিনি পতেঙ্গাস্থ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে কর্মরত ছিলেন এবং অঙ্গীভূত আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মেঘনা পেট্টোলিয়াম লিমিটেড এর মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক ইনামুল হক ইনামও। তিনি বলেন, এ ঘটনায় সমগ্র বাহিনীতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিহত সদস্যের আত্নার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।

আরও পড়ুন :  ভোটে জিতেও স্বস্তিতে নেই চট্টগ্রামের দুই বিএনপি নেতা

উল্লেখ্য, বৃহস্পতিবার সারাদেশে নির্বাচনী দায়িত্বে বাহিনীর ৫ লাখ ৭৬ হাজারেরও বেশি সদস্য নিয়োজিত ছিলেন। বিপুলসংখ্যক সদস্যকে নিরাপদে ভোটকেন্দ্রে প্রেরণ এবং দায়িত্ব শেষে প্রত্যাবর্তন নিশ্চিত করা ছিল একটি অত্যন্ত চ্যালেঞ্জিং ও সমন্বয়পূর্ণ কার্যক্রম। দেশের অন্য কোথাও বড় ধরনের দুর্ঘটনার খবর না পাওয়া গেলেও চট্টগ্রামের এই মর্মান্তিক ঘটনা বাহিনীর সকল সদস্যকে গভীরভাবে শোকাহত করেছে।

আরও পড়ুন :  চট্টগ্রামজুড়ে ভোটের উৎসব, ছিল বিক্ষিপ্ত ঘটনাও

 ঈশান/মম/মউ

আরও পড়ুন