
ফের মা হতে চলেছেন শবনম বুবলী। সন্তান জন্ম দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। তবে বাবা হচ্ছেন কে এমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি। দিয়েছেন রহস্যময় উত্তরও। এতে আগুন উস্কে গেলে আইনের আশ্রয় নেওয়ার হুমকি দেন নায়িকা।
একাধিক সূত্র জানিয়েছে বুবলী এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এদিকে বুবলী যুক্ত হয়েছেন ঢাকাইয়া দেবদাস নামের নতুন এক সিনেমায়। আদর আজাদের বিপরীতে ৪ দিন শুটিংও করেছেন। কিন্তু দ্বিতীয় লটের জন্য শিডিউল দিচ্ছেন না। জানা গেছে, ঝুঁকি কারণে শুটিংয়ে যোগ দিচ্ছেন না অন্তঃসত্ত্বা বুবলী।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামীকাল রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে হাজির হবেন বুবলী। একটি আউটলেট-এর ওপেনিং সেরেমনি হবে বুবলীর হাত ধরে। সেখানেই বুবলী জানাতে পারেন মা হতে যাওয়ার বিষয়টি।
আরেকটি সূত্র বলছে, বুবলী সন্তান জন্ম দিতে এ মাসেই উড়াল দেবেন যুক্তরাষ্ট্রে। শেহজাদ খান বীরেরও জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রে। বুবলী বেঁকে বসায় বিপাকে ঢাকাইয়া দেবদাসের পরিচালক-প্রযোজক। তারা অন্য কাউকে বুবলীর বদলে ভাবছেন।
প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, ‘প্রথম লটে বুবলী, আদর আজাদ ও অন্য শিল্পীদের নিয়ে ৪ দিন শুটিং করেছিলাম। দ্বিতীয় লটে রোজায় শুটিং আছে। কিন্তু বুবলীকে ছাড়াই বাকি কাজ শেষ করতে হবে।’
২০২২ সালের ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশের মাধ্যমে শাকিবের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আনেন বুবলী। পরে ৩০ সেপ্টেম্বর গণমাধ্যমে তাদের সন্তানের ছবি প্রকাশ হয়। বুবলী ছবি প্রকাশ করে জানান তার সন্তানের পিতা শাকিব। নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে শাকিবও স্বীকার করে নেন সে কথা। এরপর বাড়ে দূরত্ব।
শাকিব একাধিকবার জানান, বুবলীর সঙ্গে সম্পর্ক নেই তার। কিন্তু বুবলী একাধিকবার জানিয়েছেন সম্পর্ক আগের মতোই ঠিকঠাক। গুঞ্জন রয়েছে গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটান বুবলী। তখন তাদের সম্পর্ক নিয়ে নতুন করে কথা ওঠে। ফের মা হওয়ার গুঞ্জন যেন সে কথাই বলছে। তবে বিষয়টি নিয়ে কথা বলতে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি বুবলীকে।










































