শনিবার- ৭ মার্চ, ২০২৬

লন্ডনে টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দিয়েছেন আবদুল মোতালিফ!

লন্ডনে টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দিয়েছেন আবদুল মোতালিফ!

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে সেন্ট্রাল লন্ডনে একটি ফ্ল্যাট বিনামুল্যে দিয়েছিলেন আবদুল মোতালিফ নামে এক ব্যবসায়ী। যার সঙ্গে টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের রাজনৈতিক কানেকশন রয়েছে।

যুক্তরাজ্যের ভূমি নিবন্ধনসংক্রান্ত নথিপত্রে বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে। ওই নথিপত্রের তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, আবদুল মোতালিফ ২০০১ সালে কিংস ক্রসের কাছে দুই বেডরুমের ওই ফ্ল্যাটটি ১ লাখ ৯৫ হাজার পাউন্ড (বর্তমানে পাউন্ডের বিপরীতে টাকার দর অনুযায়ী যা প্রায় ২ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকা) দিয়ে কিনেছিলেন।

আরও পড়ুন :  জ্বালানি তেল-গ্যাসের দুর্দশার মুখে বাংলাদেশ

টিউলিপ সিদ্দিক ২০০৪ সালে তা বুঝে নেন এবং সেজন্য তাকে কোনো অর্থ দিতে হয়নি। ফ্ল্যাটটি এখনো টিউলিপের মালিকানায় রয়েছে। ওই ভবনেরই একটি ফ্ল্যাট গত আগস্টে বিক্রি হয়েছে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে (প্রায় ৯ কোটি ৭৯ লাখ ৯১ হাজার টাকা)।

টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি শতকের শুরুর দিকে কিংস ক্রসের ওই ফ্ল্যাটে বসবাস করতেন টিউলিপ সিদ্দিক। এরপর বেশ কয়েক বছর সেখানে তার ভাই-বোনেরা ছিলেন। পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে দুটি ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন :  ইরানে সবচেয়ে ‘বড় বোমা’ হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

টিউলিপের একজন মুখপাত্র দাবি করেছেন, ওই ফ্ল্যাট বা তার কোনো সম্পত্তির সঙ্গে শেখ হাসিনার দল আওয়ামী লীগের কোনো যোগসূত্র থাকার কথা কেউ বললে তা একেবারেই ‘ভুল’ হবে।

এদিকে আবদুল মোতালিফ ফিন্যান্সিয়াল টাইমসের কাছে কিংস ক্রসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন। তবে পরে সেটি নিয়ে কী করেছেন, তা নিয়ে কিছু বলতে চাননি।

আরও পড়ুন :  চট্টগ্রামে গ্যাস সংকটে দুই সার কারখানার উৎপাদন বন্ধ

বিষয়টি নিয়ে জানাশোনা আছে এমন একজন ব্যক্তি ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ব্যবসায়ী আবদুল মোতালিফের দুর্দিনে তাকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের মা-বাবা। তাই কৃতজ্ঞতাস্বরূপ নিজের মালিকানায় থাকা ‘একটি সম্পদ’ টিউলিপকে দিয়েছিলেন।

৭০ বছর বয়সী আবদুল মোতালিফ বর্তমানে দক্ষিণ-পূর্ব লন্ডনে বসবাস করেন। ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে, ওই এলাকায় মোতালিফের ঠিকানায় মজিবুল ইসলাম নামে আরেক ব্যক্তি বসবাস করেন। মজিবুলের বাবা ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

ঈশান/খম/বেবি

আরও পড়ুন

You cannot copy content of this page