চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে মুহুর্মুহু গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব, পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান নেমেছে।
রোববার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।
তিনি বলেন, রোববার দিবাগত রাত ১টার পর জঙ্গল সলিমপুরে সদ্য প্রতিষ্ঠিত র্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীরা মুহুর্মুহু গুলি বর্ষণ করেছে। যৌথ বাহিনীর অভিযানে জঙ্গল সলিমপুর থেকে বিতাড়িত সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ এই হামলা চালিয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।
রাত ৩টায় যৌথ বাহিনী জঙ্গল সলিমপুর এলাকাটি ঘেরাও করেছে বলে জানান অভিযানে থাকা র্যাবের এক কর্মকর্তা।
সূত্রমতে, চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডসংলগ্ন সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে সরকারি খাসজমি রয়েছে প্রায় ৩ হাজার ১০০ একর। দীর্ঘদিন ধরে ‘চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠন ওই জমি দখল করে আধিপত্য বিস্তার করে আসছে সেখানে।
প্রায় তিন দশক ধরে জঙ্গল সলিমপুর এলাকাটি দখল করে সন্ত্রাসীরা পাহাড় কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি করেছে। এসব সন্ত্রাসীরা দেশের জলবায়ু উদ্বাস্তুদের স্বল্পমূল্যে পাহাড়ে ঘর করার সুযোগ করে দিত। আর নিজেরা গড়ে তুলেছে অস্ত্র এবং মাদকের সাম্রাজ্য। বর্তমানে এলাকায় প্রায় ২০ হাজার মানুষের বসবাস।
ভূমিদস্যু ও অপরাধী গোষ্ঠীর আস্তানা হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরকে ‘রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র’ বলেও উল্লেখ করেন স্থানীয়রা। সেখানে সক্রিয় কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে অন্যতম হলো মো. ইয়াসিনের নেতৃত্বাধীন ‘ইয়াসিন বাহিনী’।
যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সীতাকুন্ড আসনের সাবেক এমপি দিদারুল আলম দিদার ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার মদদপুষ্ট। ফলে আইনশৃঙ্খলা বাহিনী অতীতে একাধিকবার অভিযান চালালেও পুরো এলাকায় নিয়ন্ত্রণ নিতে পারেনি।
চলতি বছরের ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় র্যাব-৭-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। আহত হন আরও তিন সদস্য। এরপর ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্য একযোগে অভিযান চালিয়ে এলাকাটির নিয়ন্ত্রণ নেয়।
পরে সেখানে যৌথবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়। ওই এলাকায় কারাগার স্থানান্তরসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনাও হাতে নিয়েছে সরকার। এই পরিকল্পনা সামনে রেখে আগামী ৩১ মে জঙ্গল সলিমপুর পরিদর্শনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রবিবার সকালে তার সফরসূচি সম্পর্কে অবহিত হয় প্রশাসন। আর এমন সময়ে র্যাব ক্যাম্পে হামলা চালালো সন্ত্রাসীরা।