চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ নেতা নাছির উদ্দিন ওরফে ইয়াবা নাছির ওরফে ডাকাত নাছিরকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ে নাশকতাসহ একাধিক মামলার পলাতক এই আসামি।
বুধবার (৫ আগস্ট) বিকেলে এ তথ্য জানান রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন। তিনি জানান, নাছির উদ্দিনকে নাশকতা মামলায় গ্রেপ্তার করে আদালতের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক পাচার ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার নাছির উদ্দিন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। সে উপজেলার মরিয়মনগর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সওদাগর পাড়ার সাহাব মিয়ার ছেলে। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সে পলাতক ছিল। এ অবস্থায় রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গুপ্ত হামলাসহ নাশকতামূলক কর্মকান্ড চালিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে।
সেই সাথে পূর্বের ন্যায় ইয়াবা, গাজা, চোলাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্য পাচারে সক্রিয় হয়ে উঠে। এছাড়া চুরি-ছিনতাই ও বিভিন্ন ডাকাতি কার্যক্রমের সাথেও সম্প্ৃক্ততার তথ্য পাওয়া গেছে। স্থানীয় লোকজন তাকে ইয়াবা নাছির বা ডাকাত নাছির হিসেবে চিনে। সম্প্রতি গোপন সূত্রে খবর আসে নাছের উদ্দিন মরিয়মনগর সওদাগর পাড়ায় নিজ ঘরে অবস্থান করছে। এরপর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিজের বসতঘর থেকে নাছির উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের জেল-হাজতে প্রেরণ করে। তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশ সক্রিয় রয়েছে বলে জানান ওসি।