ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার কথা স্বীকার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বিএসএফের দাবি, বাংলাদেশিরা তাদের সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এ কারণে আত্মরক্ষার জন্য দুই বাংলাদেশিকে সরাসরি গুলি করা হয়। ময়না তদন্ত শেষে তাদের মরদেহ বাংলাদেশের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। -খবর টাইমস অব ইন্ডিয়ার।
বিএসফের উদ্ধৃতি দিয়ে বিজিবি জানায়, বাংলাদেশের ১০-১৫ জনের একটি দল ত্রিপুরার সিপাহীজালার কমলাসাগর সীমান্ত দিয়ে শুক্রবার রাতে ভারতীয়দের কাছে চোরাই মালামাল পাঠাচ্ছিল। তাদের বাধা দেওয়া হলে তারা বিএসএফ সদস্যদের ওপর পাথর নিক্ষেপ করা শুরু করে।
ওই সময় কথিত আত্মরক্ষার নামে তাজা গুলি ছোড়া হয়। এতে দুজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। আহত অবস্থায় তাদের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়। নিহতদের নাম নবীন হোসেন (২০) এবং মোহাম্মদ মোরসালিন (৪০) বলে জানিয়েছে ভারতীয় বাহিনী।
বিএসএফের দাবি, গোলাগুলির ঘটনায় আহত বাংলাদেশিদের আটক করা হলে তারা স্বীকার করেন তারা বাংলাদেশ থেকে এসেছেন এবং চোরাচালানের সঙ্গে জড়িত। তবে বিএসএফের এই দাবিকে ডাহা মিথ্যা বলে জানিয়েছেন সীমান্তবর্তী স্থানীয় লোকজন।
স্থানীয়রা জানান, এই ঘটনা শুক্রবার রাতে নয় দিনেই ঘটেছে। নিহতরা এ সময় সীমান্তের কাছে কৃষি কাজ করছিল। নিহতরা চোরাচালানির সাথে জড়িত নয়।