চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মার বিরুদ্ধে বিষোদগার
চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মার বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিষোদগার ও অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রি মহল। সনাতনী একটি চক্রকে অর্থের বিনিময়ে হাতিয়ার বানিয়ে নানারকম মানহানিকর অপপ্রচারে লিপ্ত রয়েছে ফ্যাসিস্টের দোসর খ্যাত চট্টগ্রামের প্রভাবশালী একটি শিল্পগোষ্ঠী। এর প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর সাংবাদিকপাড়া খ্যাত জামালখান-চেরাগীর মোড়ে শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ শেষে জোরালো মানববন্ধন কর্মসূচি করে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে হাজার হাজার সাংবাদিক-আইনজীবী-ছাত্র-শ্রমিকসহ সচেতন মহল। সাংবাদিক-আইনজীবী-ছাত্র-শ্রমিকসহ সচেতন মহলের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে বের করা হয় প্রতিবাদ র্যালি। যেখানে ছিল শুধু চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মার বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার, ষড়যন্ত্র ও হুমকির প্রতিবাদ। হাজারো জনতার স্লোগানে মুখরিত ছিল চট্টগ্রাম। চেরাগি মোড় থেকে শুরু হওয়া এই র্যালি জেএম সেন হল চত্বর ঘুরে চট্টগ্রাম প্রেস ক্লাব হয়ে জামালখানের চট্টগ্রাম প্রতিদিন অফিসের সামনে এসে শেষ হয়। এ সময় সহস্রকণ্ঠে উচ্চারিত হয়—‘আয়ান শর্মার ভয় নাই, আমরা আছি লাখো ভাই’, ‘সাংবাদিককে হুমকি, মানি না, মানবো না’, ‘মিথ্যা প্রচার হুলিয়া, নিতে হবে তুলিয়া’।আয়োজনকারীদের ভাষ্য, ভাদ্রের তপ্ত দুপুরের রোদে হাজারো জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত এ মানববন্ধন ও র্যালি কোনো রাজনৈতিক কর্মসুচি নয়, নয় কোনো সংগঠনের। এ মানববন্ধন একজন সাংবাদিকের জন্য, একজন পত্রিকার মালিকের জন্য হাজারো সাংবাদিক-আইনজীবী, ছাত্র-শ্রমিক ও সচেতন মহলের।মানববন্ধনে বক্তাদের দাবি, ফ্যাসিস্ট আমলে অনিয়মের তথ্য তুলে ধরে একটি শিল্পগোষ্ঠীর রোষানলে পড়েন চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা। সরকারি শক্তি ব্যবহার করে চলতে থাকে একের পর এক ষড়যন্ত্র। এমনকি তৎকালীন তথ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশনা বন্ধ করে দেওয়ার। পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মাকে গোয়েন্দা সংস্থার হুমকিসহ একাধিক ভুয়া মামলায় আসামি করা হয়।বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর কিছুদিন আড়ালে থাকে ওই শিল্পগোষ্ঠী। কিন্তু হালে ফের সনাতনীদের একটি চক্রকে অর্থের বিনিময়ে হাতিয়ার বানিয়ে অপপ্রচার চালাচ্ছে চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মার বিরুদ্ধে।সাংবাদিক নেতারা হুশিয়ারী দিয়ে বলেন, আয়ান শর্মার বিরুদ্ধে অপপ্রচার-ষড়যন্ত্র যদি বন্ধ করা না হয়, তাহলে বাংলাদেশের ২০১টি পত্রিকায় একযোগে নেপথ্যের অপ্রচারকারী ও ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করা হবে।চট্টগ্রাম প্রতিদিনের সিনিয়র রিপোর্টার জুলহাজ নীলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফাইন্যান্স টুডের সম্পাদক, সম্পাদক-প্রকাশক পরিষদের সদস্য সচিব মতিউর রহমান, দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক ও সম্পাদক-প্রকাশক পরিষদের যুগ্ম আহ্বায়ক খাইরুল আলম রফিক, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এমএ হাশেম রাজু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, চট্টগ্রাম আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জাতীয় বাণিজ্য জগতের সম্পাদক আনিছুর রহমান সাব্বির, সিনিয়র সাংবাদিক সোহাগ আরেফিন, সিনিয়র সাংবাদিক ছিব্বির আহমেদ ওসমান, সাংবাদিক আরিয়ান লেনিন, সাংবাদিক উন্নয়ন পরিষদ চেয়ারম্যান মিজান উল্লাহ সমরকন্দি, ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সমাজসেবক সাইদুর রহমান রিমন, চট্টগ্রাম প্রতিদিনের সিনিয়র রিপোর্টার ইসমত মর্জিদা ইতি, সনাতনী ছাত্রনেতা সীমান্ত দত্ত ঋজু এবং চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইমরান আহমেদ।মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান রনি, সনাতনী সংগঠনের কর্ণধার অশোক চক্রবর্তী, স্বাধীন বাংলা নিউজের প্রধান সম্পাদক সালাউদ্দিন মিঠু এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের মহিলা সম্পাদিকা দীপ্তি চৌধুরী দিপা, সাংবাদিক সাত্তার সিকদার, কাউছার আলম, নুরুল আলম, মুহাম্মদ ইউনুস, সৈয়দ নজরুল ইসলাম। এছাড়া মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আইনজীবী, ছাত্রনেতাসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন।