বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল ব্রাজিল, কিন্তু ফেভারিট হিসেবে আর্জেন্টিনার লিওনাল মেসি বলে জানিয়েছেন জাতীয় দলের স্ট্রাইকার সাখাওয়াত রনি।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের ছেলে রনি। বয়স ৩৫। ২০১৪ সালে নেপালের স্টেডিয়ামে ২৫ হাজার দর্শকের উপস্থিতিতে বাংলাদেশ ৩ গোলে হারায় নেপালকে। সেই খেলায় স্ট্রাইকার রনি একাই করেছেন ২ গোল।
রনি তার ক্যারিয়ার শুরু করেছেন ১৫ বছর বয়সে রাঙ্গুনিয়া উপজেলার হয়ে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের মাধ্যমে। খেলেছেন চট্টগ্রাম মোহামেডান, চট্টগ্রাম আবাহনী, ঢাকা আবাহনী, শেখ জামাল, শেখ রাসেল ক্রীড়াচক্রে।
২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা জাতীয় দলের প্রতিনিধিত্বকারী রনি গোল করেছেন ৮টি। বর্তমানে খেলছেন ফরটিস এফসি’র হয়ে। বিবাহিত রনি থাকেন চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায়।
প্রিয় দল ব্রাজিল হলেও ফেভারিট খেলোয়াড়ের তালিকায় সবসময় আর্জেন্টিনার মেসি কেন জানতে চাইলে রনি বলেন, মেসির খেলা দেখে বড় হয়েছি। তার ভেতরে এমন কিছু অসাধারণ গুণ রয়েছে যে তাকে ফেভারিট না মানার কোনো কারণ নেই। মেসির তুলনা শুধু মেসিই।’ আর নান্দনিক খেলার জন্য প্রিয় দল ব্রাজিল।