চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি নেতার ছেলেসহ কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(২৬ অক্টোবর) রাতে পৌরসভার সৈয়দবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো আবির উদ দৌলা (৩০),কাইমুল হাসান রবিন (৩১) প্রকাশ ডেবিড রবিন,মো. মাসুদ আলম মিজান (২৮), মো. জিসান (২০),রাকিবুল আলম মির্জা (২১), রূপস দেবনাথ (২৬),আবু সাহেদ ইমন (২০) ও কাজবির খান(১৮)।
এর মধ্যে আবির উদ দৌলা রাঙ্গুনিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকার মসিউদ দৌলার ছেলে। মসিউদ দৌলা রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির নেতা। আর রবিন পৌরসভার ৭ নং ওয়ার্ডের মুরাদনগর এলাকার আবুল কাশেমের ছেলে, মিজান একি এলাকার মাহবুব আলমের ছেলে।
জুসান একই এলাকার মো. শাহজাহানের ছেলে, রাকিব পৌরসভার ৮ নং ওয়ার্ড মৃত জাহাঙ্গীর আলমের ছেলে, রূপস পৌরসভার ৮নং ওয়ার্ডের সৈয়দবাড়ি বাবুল দেবনাথের ছেলে, ইমন পৌরসভার ৭নং ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে ও কাজবির খান পৌরসভার ৬নং ওয়ার্ডের ইসমাইল খানের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন। তিনি বলেন, কিশোর গ্যাংয়ের আট সদস্যকে থানা এলাকায় বিশৃঙ্খল পরিবেশ তৈরির জন্য গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।
সূত্র জানায়, এলাকায় সংঘবদ্ধ হামলা, মারামারি, ছিনতাই, ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ, ভাড়ায় ভীতি প্রদর্শন, জোড় করে ভূমি দখলসহ নানা অভিযোগ রয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে।
ঘটনার বিবরণে পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের সদস্যরা সোমবার রাতে সৈয়দবাড়ি এলাকায় এক ব্যাক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে মেরে আহত করে। তার কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোর গ্যাংয়ের আট সদস্যকে আটক করে থানা হেফাজতে আনা হয়।
স্থানীয় একাধিক সূত্র জানায়, কিশোর গ্যাংয়ের এসব সদস্য মুরাদনগর, সৈয়দবাড়ি ও পৌরসভার বিভিন্ন স্থানে নারী ও পথচারীসহ নিরীহদের উপর নানাভাবে বেআইনি কর্মকান্ড চালিয়ে আসছিল। তাদের অত্যাচার নিরবে সহ্য করছে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। পৌরসভা বিএনপির শীর্ষ এক নেতার ছত্রছায়ায় থাকায় কেউ প্রতিবাদ করার সাহস পর্যন্ত পাচ্ছে না। ফলে দিন দিন বেপরোয়া হয়ে উঠছিল কিশোর গ্যাংয়ের সদস্যরা।