অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর মুক্তির অনুমতি বাতিল করেছে হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।
অভিনেত্রী জেবা জান্নাত এর লিখিত অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তানি বলেন, শুরুতে চলচ্চিত্রটিকে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল। সে সময় এ নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরে জেবা জান্নাত লিখিত অভিযোগ করেন যে, তার সঙ্গে কাজটির জন্য নাটক হিসেবে চুক্তি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি নেওয়া হলে তিনি আপত্তি জানান। সেই কারণেই মুক্তির অনুমতি বাতিল করা হয়েছে।
এর আগে একই অভিযোগ তু্লে অভিনেত্রী মৌসুমী দাবি করেন, যুক্তরাষ্ট্রে এক ঘণ্টার নাটক হিসেবে কাজটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। পরে সেটিকে টেলিফিল্ম করার কথা বলা হলেও সম্প্রতি তিনি জানতে পারেন, এটি সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি চলছে।
তবে এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সিনেমার নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন। তিনি বলেন,‘একজন অভিনেত্রীর অভিযোগের প্রেক্ষিতে যে কি না কোনো শিল্পী সংঘের সদস্যও না তার দাবির প্রেক্ষিতে একটি সিনেমার মুক্তি আটকে যাবে এ কেমন কথা? দেশে কি কোনো আইন কানুন নেই?’
হাসান জাহাঙ্গীর বলেন, ‘আমার ছবি এরইমধ্যে ৫০ টির বেশি সিনেমা হলে বুকিং দিয়েছি। সিনেমার জন্য হল মালিকরা আগ্রহ দেখাচ্ছেন, এমন সময়ে সিনেমার মুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া মোটেও ভালো সিদ্ধান্ত হতে পারে না। আমি এখন পর্যন্ত কোনো কাগজ পাইনি। মুক্তি বাতিলের কাগজ হাতে পেলে আমি হাইকোর্টে যাব।’
‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত।
Dainik Ishan | দৈনিক ঈশান
Dainik Ishan | দৈনিক ঈশান













