গণভবনে শুক্রবার (৭ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। তবে আপাতত দেড় মাসের বিশ্রামে থেকে এশিয়া কাপে ফিরবেন তিনি।
এর আগে চলমান আফগানিস্তান সিরিজের মাঝে অবসরের সিদ্ধান্ত নেওয়ার পর তামিম টিম হোটেল ছেড়ে চলে যান নিজের বাসায়। অবসরের দিন তার সাথে যোগাযোগ করতে পারেনি কেউ। দিনের পুরোটাই পরিবারের সদস্যদের সাথে কাটিয়েছেন তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তামিমের দিক থেকে কোনো সাড়া মেলেনি।









