ব্যস্ততার শহর আর প্রবাস জীবনের গণ্ডি পেরিয়ে পুরনো জগতে ফিরে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কয়েকটি ছবিতে যেন ধরা দিল তার নস্টালজিক এক বিকেল।
সম্প্রতি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে থাইল্যান্ডের ক্রাবি ভ্রমণের কিছু মুহূর্ত প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের নীল জলরাশির মাঝে একটি নৌকায় নির্ভার ভঙ্গিতে সময় কাটাচ্ছেন তিনি। হালকা নীল পোশাকে তার উপস্থিতি ছবিগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
ছবির ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘সমুদ্র আর আমি; পুরনো স্মৃতির জগতে হারিয়ে গেছি, যেখানে প্রতিটি ঢেউ যেন ভুলে যাওয়া কোনো গানের সুর।’ এই কথাতেই স্পষ্ট, কেবল ভ্রমণের ছবি নয়- স্মৃতির আবেগও ভাগ করে নিয়েছেন তিনি।
জানা গেছে, থাইল্যান্ডের জনপ্রিয় ‘ফোর আইল্যান্ড বোট ট্রিপ’-এর অভিজ্ঞতাই আবার মনে করছিলেন অভিনেত্রী। ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মন্তব্যে ভরে যায় তার পোস্ট। কেউ তার জীবনযাপনকে ‘স্বপ্নময়’ বলছেন, কেউ আবার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে প্রভার স্নিগ্ধতাকেও তুলনা করছেন।
উল্লেখ্য, সাদিয়া জাহান প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন। পরে নাটক ও টেলিফিল্মে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পান। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া ও খুনসুটি।