বলিউড অভিনেত্রী শেফালি শাহ বরাবরই স্পষ্টভাষী। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজের প্রচলিত ধারণা—সব বিষয়েই অকপটে মত প্রকাশ করেন এই অভিনেত্রী। এবার বিয়ে, সম্পর্ক, সন্তান ও সামাজিক চাপ নিয়ে খোলামেলা মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শেফালি শাহ বলেন, সমাজে এখনো নারীদের জীবনের মূল লক্ষ্য হিসেবে বিয়ে ও মাতৃত্বকে দেখা হয়। তবে তার মতে, সম্পর্ক বা সংসার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে মানসিকভাবে পরিপক্ব হওয়া জরুরি।
অভিনেত্রীর ভাষায়, বিয়ে শুধু রোমান্স নয়, এতে দায়িত্ব ও পরিশ্রমও থাকে। সম্পর্ককে হালকাভাবে নেওয়া ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি বলেন, ‘আমাকে হয়তো ট্রোল করা হবে, তবু বলছি—সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা অনেক ভালো।’ কুকুর এমন প্রাণী যে নিঃশর্ত ভালোবাসা দেয়।
শেফালি শাহ জীবনে প্রথম বিয়ে করেন অভিনেতা হর্ষ ছায়াকে, যা চার বছরের মাথায় বিচ্ছেদে শেষ হয়। পরে ২০০০ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান রয়েছে।