চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক যাত্রীর হাতব্যাগ ও পরিধান করা পোশাক থেকে ১ হাজার ৪৮২ গ্রাম ওজনের স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণ উদ্ধার করেন বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা ও কাস্টমসের সদস্যরা।
আটক যাত্রীর নাম মো. শরীফ। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলার সদস্য।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রোববার বিমানবন্দরের আগমনী হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় ওই যাত্রীর সন্দেহজনক গতিবিধি লক্ষ করে তল্লাশি চালানো হয়। পরে ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর কাস্টমসের তত্ত্বাবধানে তাঁর হাতব্যাগ ও পরিধান করা পোশাক থেকে স্বর্ণের চুড়িগুলো উদ্ধার করা হয়।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, উদ্ধার করা স্বর্ণ থেকে প্রাপ্য রাজস্বের পরিমাণ ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা। স্বর্ণের পরিমাণ নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।