চট্টগ্রামে গুলি করে মাদকসেবী এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু পরিচয় দেওয়া এক যুবককে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। মাদক সেবনের সময় এ হত্যাকান্ড ঘটেছে বলে পুলিশের ধারণা।
বুধবার বিকালে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ আজাদ (২৫) নগরীর হামজারবাগ এলাকার বাসিন্দা। আটক সমবয়সী ইসহাক আলমের বাসাও একই এলাকায় বলে জানান সিএমপির উত্তর জোনের উপকমিশনার মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন।
উপকমিশনার মোহাম্মদ হাসান মোস্তফা স্বপনের ভাষ্য, বিকাল পৌনে ৪টার দিকে ইসহাক আলম আহত অবস্থায় আজাদকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। চিকিৎসক পরীক্ষার পর গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। এ সময় ইসহাক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সদস্যদের জানান, ফরেস্ট গেটের সামনে রাস্তার পাশে হাঁটার সময় পেছন থেকে অজ্ঞাত লোক গুলি করে তাকে খুন করেছে।
এ সময় ইসহাকের কথাবার্তা অসংলগ্ন ও সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে আটক করে। উপকমিশনার মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন জানান, ইসহাক গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে নেওয়ার পরেই পুলিশ ঘটনার কথা আমরা জানতে পারে। এরপর ইসহাককে নিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন ফরেস্ট গেটের ভেতরে একটি ছোট্ট বাসার মতো কক্ষ। সেখানেই এ ঘটনা ঘটেছে। এটা আজাদ বা ইসহাক কারও বাসা নয়। তাদের বাসা হামজারবাগ।
কক্ষটিকে মাদক সেবনের আস্তানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে ধারণা পুলিশের। আটক ইসহাকের দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে উপকমিশনার স্বপন বলেন, ঘটনার সময় আজাদ, ইসহাক এবং আরও এক যুবক ওই কক্ষে ছিলেন। ঘটনার পর অজ্ঞাতনামা যুবক পালিয়ে যায়। আমাদের ধারণা, তারা মাদক সেবন করছিল। অজ্ঞাত যুবক গুলি করে আজাদকে খুন করে পালিয়ে যায়।