জুলাই আন্দোলনকে অবমাননা, কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ মোট তিন নারীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এটি যেহেতু সাইবার সংক্রান্ত অভিযোগ, সেহেতু তদন্তের অংশ হিসেবে অভিযোগটি ডিবি সাইবার বিভাগে যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে। তারা তদন্ত করবে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, শুক্রবার (৩ জুলাই) সকালে রাষ্ট্র সংলাপ ফোরাম নামে একটি সংগঠনের তিন ব্যক্তি এ অভিযোগ দাখিল করেন। এক অভিনেত্রী ও এক চিত্রনায়িকা ছাড়াও অভিযোগ দেওয়া হয়েছে শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধেও। লিখিত আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও ভিডিওকে কেন্দ্র করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেখানে শহীদ ও আহতদের আত্মত্যাগ রয়েছে। কিন্তু সম্প্রতি কিছু ব্যক্তি আন্দোলন ও সংশ্লিষ্ট ঘটনাকে নিয়ে অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ড করেছেন বলে দাবি করা হয়।
এতে আরও উল্লেখ করা হয়, শান্তা ফারজানা নামে একজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন। যা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে।