দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট (পর্যটন) ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আর এর পরই দেশের বিভিন্ন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে প্রতিদিন উপচে পড়া ভিড় জমছে আবেদনকারীদের।
বিপুলসংখ্যক আবেদন জমা পড়ার পর ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে দেওয়া এক বার্তায় হাইকমিশন জানায়, গত ২৮ জুন ট্যুরিস্ট ভিসা সেবা পুনরায় চালু হওয়ার পর মাত্র ২৪ ঘণ্টায় ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে ১ লাখ ৪০ হাজারের বেশি আবেদন জমা পড়ে। বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের কাছ থেকে পাওয়া ব্যাপক সাড়ায় তারা উৎসাহিত।
বার্তায় বলা হয়, ভিসা পরিষেবা আরও সম্প্রসারণ এবং আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, সাবলীল ও আবেদনকারীবান্ধব করতে কাজ করছে ভারতীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
ভারতীয় হাইকমিশন আরও জানায়, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করা এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।