দৃশ্য দূষণের (ভিজ্যুয়াল পলিউশন) কারণে ঢাকার ২৪ শতাংশ মানুষ চোখের সমস্যায় ভুগছে। এর বড় অংশই শিশু। ভিজ্যুয়াল পলিউশনের কারণে রাজধানীর প্রায় দুই লাখ ৭০ হাজার শিশু চক্ষু রোগে এবং মাথাব্যথায় আক্রান্ত হচ্ছে।
শুধু তাই নয়, এ কারণে মানসিক সমস্যায়ও ভুগছেন অনেকে। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এসডো) গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, ঢাকার ২৭টি হাসপাতাল ও ক্লিনিক থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতি বছর ঢাকা শহরের প্রায় ২ লাখ ৭০ হাজার শিশু চোখের বিভিন্ন ধরনের সমস্যা এবং গুরুতর মাথাব্যথার জন্য চিকিৎসা নেয়। এ ছাড়া ঢাকার বাসিন্দা যারা মানসিক সমস্যায় রয়েছেন, তাদের প্রায় ১৭ শতাংশ ভিজ্যুয়াল পলিউশনের কারণে হয়ে থাকে।
এসডোর চেয়ারপারসন ও সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, ভিজ্যুয়াল পলিউশনের টার্মটি নতুন। তবে পলিউশন বহু বছর ধরেই হয়ে আসছে। মূলত চোখের দৃষ্টিতে যা বিরক্তিকর দূষণের সেই বিষয়গুলোই ভিজ্যুয়াল পলিউশন। ঢাকা শহরের অধিকাংশ বিলবোর্ড, জঞ্জালযুক্ত তার, দৃশ্যমাণ ময়লার স্তূপ ভিজ্যুয়াল দূষণের অন্তর্ভুক্ত।
ড. শাহরিয়ার হোসেন আরও বলেন, ভিজ্যুয়াল পলিউশনের পরিণতি সুদূরপ্রসারী। এর মধ্যে রয়েছে মানসিক বিভ্রান্তি ও অবসাদ, মতামত প্রকাশের ক্ষমতা হ্রাস, পরিচয়হীনতা, রাস্তায় যানজট, বিভিন্ন ধরনের স্বাস্থ্যের ঝুঁকি, মানসিক অস্থিরতা ও অসুস্থতা, চোখের সমস্যা, নান্দনিকতা বোধ হ্রাস, কমিউনিটির সামগ্রিক ক্ষতি ইত্যাদি। যে শিশুরা শৈশব থেকেই ভিজ্যুয়াল পলিউশনের সংস্পর্শে এসেছে, তারা প্রায়ই অপ্রীতিকর পরিবেশের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে ও তাদের স্বাভাবিক আবেগ হারিয়ে যাচ্ছে।










