রেকর্ড কিপার নিয়োগ পদে পরীক্ষার খাতায় ঘষামাজা করে একজনের নম্বর কমানো এবং আরেকজনকে বাড়িয়ে দেওয়া—এমন জালিয়াতির ঘটনায় দুদকের দায়ের করা মামলায় বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
এর মধ্যে সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম জানান, দুদকের দায়ের করা মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য ও তথ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।
মামলার নথির তথ্যমতে, ২০১০ সালে চট্টগ্রামের সিআরবি কার্যালয় থেকে রেকর্ড কিপার পদে ১০৯ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে রেলওয়ে। যাচাই-বাছাই শেষে ৭০ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।
২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৩৭ জন। খাতা মূল্যায়নের পর চারজন প্রার্থী উত্তীর্ণ হন। তবে ফলাফল প্রকাশের পরই নম্বর পরিবর্তনের অভিযোগ ওঠে।
অভিযোগ অনুযায়ী, পরীক্ষকদের দেওয়া মূল নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে জমা না দিয়ে গোলাম কিবরীয়া নিজেই একটি ভুয়া নম্বরপত্র তৈরি করেন। পাশাপাশি মূল নম্বরপত্রে ঘষামাজা ও ওভার-রাইটিংয়ের মাধ্যমে নম্বর পরিবর্তন করা হয়।
দুদকের তদন্তে বেরিয়ে আসে, লিখিত পরীক্ষায় মো. ইব্রাহিম খলিল ৪৬ নম্বর পেলেও তা ঘষামাজা করে ৪০ করা হয়। অপরদিকে সরোয়ার হোসেনের নম্বর ৩১ দশমিক ৫ থেকে বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়। এতে মৌখিক পরীক্ষাসহ মোট নম্বরে এগিয়ে যান সরোয়ার। পরে তাকে নিয়োগের সুপারিশ করা হলে তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা তাতে অনুমোদন দেন।
এ ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যদিয়ে বিচার শুরু হয়।