রাগ করলা? বাংলাদেশে সম্প্রতি ভাইরাল হয়েছে সংলাপটি। সংলাপটি এখন মানুষের মুখে মুখে। এবার এই ট্রেন্ডিং বিষয়ে পোস্ট দিয়ে যোগ দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফাও। সংস্থাটি তাতে যোগ করেছে নেইমারকে।
ফিফা ওয়ার্ল্ড কাপ পেইজে নেইমারের এক ছবি ফেসবুকে পোস্ট দিয়ে সেটির ক্যাপশনে লিখেছে, ফুটবল রাজপুত্রের প্রত্যাবর্তন। আর নেইমারের সেই ছবিতে লেখা, ‘কি প্রতিপক্ষ রাগ করলা!
নেইমারের বিশ্বকাপ দলে খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। ২০২৫ সালের মে মাসে ব্রাজিলের কোচ হওয়ার পর আনচেলত্তি দীর্ঘ এক বছর নেইমারকে দলে নেননি। শেষ পর্যন্ত নেইমার ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ দলে ডাক পেলেন এবং ডাক পাওয়ার পর কেঁদেও দিয়েছিলেন। নেইমারের দলে ফেরার এই প্রেক্ষাপটেই বাংলাদেশের 'রাগ করলা?' ট্রেন্ডে গা ভাসিয়েছে ফিফা।
উল্লেখ্য, গত রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখান থেকে মূলত এই সংলাপটির প্রচলন শুরু হয়। সেই ভিডিওতে দেখা যায়, শহরের একটি ব্যস্ততম রাস্তার পাশে এক ব্যক্তি আরেক ব্যক্তির ভাগ্য গণনার সময় ওই যুবকের জীবনের নানা ঘটনার বর্ণনা দেওয়ার পাশাপাশি প্রতিটি বাক্যের শেষেই গণকটি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে উচ্চারণ করছিলেন—'রাগ করলা?' সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই মানুষের মুখে মুখে এখন 'রাগ করলা?' উচ্চারিত হচ্ছে।













