চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলায় উল্টো পথে দ্রুতগতিতে আসা ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে থ্রি-হুইলার লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টার দিকে উপজেলার ক্রসিং শিকলবাহা আদর্শপাড়া এলাকার তালতল সড়কে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২৯ মে) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তারা জানান, নিহতদের একজন হলেন-কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের খুরাইশ চৌধুরী বাড়ির নূর হোসেনের ছেলে সজিব হোসেন (২৬)।
অন্যরা হলেন, পটিয়া উপজেলা খরনা ইউনিয়নের দুলা মিয়ার বাড়ির দুলা মিয়ার ছেলে মো. ইউসুফ (৫৩), একই উপজেলার আশিয়া ইউনিয়ন মোল্লাপাড়া খন্দকার বাড়ির মবিনুল ইসলামের ছেলে রুবেল (২৬) ও পটিয়া পৌরসভার গোবিন্দ খিল এলাকার অলি মিস্ত্রির বাড়ির বাদশা মিয়ার ছেলে হারুনর রশিদ (৫১)। এদের মধ্যে রাত দেড়টার দিকে সজিবের মৃত্যু হলেও বাকি তিনজন ঘটনার পরপরই নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈগল পরিবহনের একটি বাস (চট্টগ্রাম-জ-১১-০১১৬) উল্টো পথে দ্রুতগতিতে কর্ণফুলী ক্রসিংয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি থ্রি-হুইলার লেগুনা (চট্টগ্রাম-ছ-১১-০১১৫)-কে সজোরে ধাক্কা দেয় বাসটি।
সংঘর্ষে লেগুনাটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। এতে উভয় গাড়িতে থাকা একাধিক যাত্রী হতাহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, “এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও প্রায় ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”