চট্টগ্রাম মহানগরের দুই নম্বর গেইট ফিনলে স্কয়ারে প্রতিষ্ঠিত স্টার সিনেপ্লেক্সের ওয়াশরুমে গোপনে এক নারীর ভিডিও ধারণের ঘটনায় জিতু পাল (২৩) নামে একজনকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ। তিনি ওই সিনেপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী। তিনি আনোয়ারা উপজেলার বাসিন্দা।
শনিবার (২২ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পাঁচলাইশ থানার পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার রাতে এক নারী পরিবারের সদস্যদের সঙ্গে ফিনলে স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যান। একপর্যায়ে তিনি ওয়াশরুমে গেলে সেখানে কৌশলে মোবাইল ফোন দিয়ে তাঁর ভিডিও ধারণের চেষ্টা করা হচ্ছে বলে দেখতে পান।
বিষয়টি বুঝতে পেরে ওই নারী তাৎক্ষণিকভাবে জিতু পালকে হাতেনাতে আটক করে। পরে আশপাশে থাকা লোকজন জিতু পালের মোবাইল ফোন পরীক্ষা করে ভিডিও ধারণ করার দৃশ্য দেখতে পান। একই সঙ্গে বিভিন্ন সময়ে আরও কয়েকজন নারীর গোপন ভিডিও তাঁর মোবাইল ফোনে পাওয়া যায় বলে জানান।
এ ঘটনায় আশপাশের লোকজন পুলিশকে খবর দেন। পরে পাঁচলাইশ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিতু পালকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। মোবাইল ফোনে পাওয়া ভিডিওগুলোর বিষয়ে যাচাই-বাছাইসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পাঁচলাইশ থানার ওসি।
উল্লেখ্য, নগরীর দুই নম্বর গেইট ফিনলে স্কয়ারে স্টার সিনেপ্লেক্স প্রতিষ্ঠা করেন চট্টগ্রামের একটি আঞ্চলিক দৈনিকের প্রাক্তন সম্পাদক ও প্রকাশক রুশো মাহমুদ। তিনি দৈনিক পত্রিকাটি সম্প্রতি বিক্রি করে দেন। এর আগে তিনি চট্টগ্রামের একজন স্বনামধন্য প্রেস ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। দৈনিক পত্রিকাটি প্রতিষ্ঠার পর তিনি প্রভাব বিস্তার করে নানা অপকর্মে জড়িয়ে পড়েন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের একজন ঘনিষ্ট দোসর ছিলেন তিনি।