যুদ্ধের মধ্যেও ইরানের রাজধানী তেহরানে হাজারো দম্পতির গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে। ‘জান-ফাদা কাপলস’ ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানটি ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের ১ তারিখের সঙ্গে মিল রেখে করা হয়েছে।
এই দিনটি ইসলামের চতুর্থ খলিফা হযরত আলির সঙ্গে নবি মুহাম্মদের (স.) কন্যা ফাতিমার বিবাহবার্ষিকী। যা ইরানে আনুষ্ঠানিকভাবে ‘বিবাহ দিবস’ হিসেবে স্বীকৃত।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাংস্কৃতিক উপপ্রধান রহিম নাদ-আলি সাংবাদিকদের কাছে বলেছেন, এই কর্মসূচির লক্ষ্য হলো ইসলামী জীবনধারার প্রচার এবং সাশ্রয়ী মূল্যে বিবাহের সুযোগ সহজতর করা।
যদিও অন্য সময় এই উপলক্ষে দেশজুড়ে অনেক আয়োজন করা হয়, কিন্তু যুদ্ধের কারণে অনুষ্ঠানগুলোকে সমন্বিত করার জন্য তেহরান এ বছর একটি বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করছে।
আইআরজিসির সাংস্কৃতিক উপপ্রধানের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানটির বাহ্যিক নকশায় সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। দম্পতিদের আনা-নেওয়ার জন্য ফুলে সজ্জিত জিপ গাড়ি ও সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। যার উদ্দেশ্য এই সামাজিক অনুষ্ঠানটিকে সাম্প্রতিক জাতীয় প্রতিরক্ষা অভিযানগুলোর সঙ্গে যুক্ত করা।
মূল অনুষ্ঠানটি ইমাম হোসেন স্কয়ারে বিকাল ৫টায় শুরু হয়। যেখানে ১১০ দম্পতি অংশগ্রহণ করেন। এই পর্বে, জনসাধারণের উপস্থিতিতে বিবাহের শপথ একযোগে পাঠ করা হবে।
ইমাম হোসেন স্কোয়ারে প্রাথমিক অনুষ্ঠান শেষ হওয়ার পর রাত ৮টায় নবদম্পতিকে বহনকারী যানবাহনের একটি বহর আজাদি স্কোয়ারের উদ্দেশে রওনা দেয়। যাত্রাপথে নির্ধারিত স্কোয়ারগুলোতে উদযাপন হয়েছে। -সূত্র: ইরনা