চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দৌরাত্ন্য নতুন কিছু নয়। বছরের পর বছর দালালদের খপ্পরে রয়েছে এই হাসপাতাল। অভিযানে ধরা পড়েও থামছে না দালাল চক্র। যাদের খপ্পরে পড়ে প্রতিনিয়ত সর্বশান্ত হচ্ছেন সাধারণ রোগীরা।
আর আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে দালালদের নিয়োগ দেওয়া বেসরকারি হাসপাতাল, ল্যাব, ক্লিনিক ও ফার্মেসির মালিকরা। যারা বরাবরাই থেকে যাচ্ছেন আড়ালে। এতে ক্ষুব্ধ রোগী, স্বজন ও সচেতন নাগরিক সমাজ।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির তথ্যমতে, গত বৃহস্পতিবার একদিনের অভিযানে চমেক হাসপাতালে ধরা পড়েছে ২০ দালাল। অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আটকদের ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এছাড়া অনাদায়ে তাদের কারাদন্ডের আদেশ দেন। এর আগেও বিভিন্ন সময় অভিযানে একাধিক দালাল ধরা পড়ে। কিন্তু বারবার ধরা পড়ার পরও হাসপাতালে কমছে না দালালদের আনাগোনা।
সচেতন নাগরিক ও রোগীর স্বজনদের দাবি, দালালরা রোগীকে কৌশলে ভাগিয়ে নিয়ে যায় প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ল্যাবে। এছাড়া নির্দিষ্ট ফার্মেসি থেকে বাধ্য করেন ওষুধ কিনতে। এর সুবাদে সেই দালাল এসব প্রতিষ্ঠান থেকে পান কমিশন।
অন্যদিকে দালাল নির্মূলে চমেক হাসপাতাল কর্তৃপক্ষও আন্তরিক নন। তারা নিজেরাই অবৈতনিক হিসেবে লোক নিয়োগ করেছে। যারা মূলত অবৈধ। তারা প্রতিনিয়ত রোগী ও স্বজনদের হয়রানি করছে এবং জোরপূর্বক টাকা আদায় করছে। তাদের সঙ্গে দালালদের সখ্যতা রয়েছে। স্থায়ী কর্মচারীদের থেকে তাদের আয় বেশি।
এসআরবির অভিযান সূত্রে জানা যায়, গত বৃহ¯পতিবার সকালে চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ থেকে ২০ দালালকে আটক করে এসআরবি-৭ এর সদস্যরা। এর আগে এসআরবির সদস্যরা সাধারণ পোশাকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগে নজরদারি করেন। রোগী ও তাদের স্বজন সেজে তারা দালালদের গতিবিধি পর্যবেক্ষণ করেন।
এসময় চিকিৎসকের প্রেসক্রিপশন পরীক্ষা করা কিংবা বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলে রোগী ও স্বজনদের কৌশলে নিয়ে যায় তাদের পছন্দের ল্যাব ও ফার্মেসিতে। তবে তাদের কথা না শুনলে রোগী-স্বজনদের শিকার হতে হয় হয়রানির।
বিশেষ করে মেডিসিন, গাইনি ওয়ার্ড, বহির্বিভাগ, জরুরি বিভাগ ও ন্যায্য মূল্যের দোকানে বেশ তৎপর থাকে দালালচক্রের সদস্যরা। তারা প্রতারণা করে সেবাগ্রহীতার কাছ থেকে হাতিয়ে নেয় বড় অঙ্কের টাকা। দালালচক্রের সদস্যরা পুলিশের হাতে আটক হলেও জামিনে এসে পুনরায় একই কাজে জড়িয়ে পড়ে।
এছাড়া প্রত্যন্ত অঞ্চল থেকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হওয়া সাধারণ রোগীরা বিভিন্ন পদে পদে বাধাগ্রস্ত হয়। প্রথমেই জরুরি মুহূর্তে রোগী বহনের ট্রলি থেকে শুরু করে শয্যা/ওয়ার্ড পাইয়ে দেওয়ার কথা বলে দালালরা অর্থ হাতিয়ে নেয়।
হাসপাতালে রোগীদের রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দিলে সেগুলো দ্রুত করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং কমিশন পাওয়ার আশায় বিভিন্ন কৌশলে দালালরা তাদের চুক্তিভিত্তিক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার নিয়ে যায়। একজন রোগী নিয়ে যেতে পারলে দালালরা কমিশন পায়। এসব দালাল সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতার কথা বর্ণনা দিয়ে রোগীদের আস্থার সংকট তৈরি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।
হাসপাতালে আসা রোগীর স্বজন আয়েশা আক্তার বলেন, দালালদের আনাগোনা অভিযানের পর একটু কম থাকে। এরপর আবার আগের অবস্থায় ফিরে আসে। এখানে কর্মচারীদের মধ্যেও দালাল আছে। বিশেষ করে অবৈতনিক যারা তাদের মধ্যে। এছাড়া সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে টাকা ছাড়া কোনো কাজ হয় না। হুইল চেয়ারে রোগী তুলতেই লাগে ২০০ টাকা। না দিলে উল্টো ঝগড়া করে। এখানে আসলে মনে হয় আমরা মানুষের পর্যায়ে পরি না।
ভুক্তভোগী জামাল উদ্দীন বলেন, আমার ২ দিন বয়সের বাচ্চাকে ভর্তি করেছি। যেখানেই যাচ্ছি সেখানে বলে পরিচিত ওষুধের দোকান আছে, সেখান থেকেই কিনবেন। তাদের কথা মত ওষুধ কিনি। এরপর চিকিৎসক আমাকে জানান সব ওষুধ দুনম্বর। এরপর ওষুধগুলো নিয়ে যখন সেই দোকানে যায় তারা বলেন, আপনি কি আমাদের থেকে বেশি বুঝেন? সামান্য লিফটে যাতায়াত করতে ১০-২০ টাকা গুণতে হয়।
রোগীদের দাবি, যেসব হাসপাতাল, ল্যাব ও ফার্মেসি মালিক দালালদের পরিচালনা করছে তদন্ত পূর্বক তাদেরও আইনের আওতায় আনতে হবে। এতে হাসপাতাল দালালমুক্ত হবে।
দালাল পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম এসআরবি-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, প্রশ্নটি লজিক্যাল এবং ভ্যালিড। সেটা আমিও অনুভব করি। অন্য যেউ কেউও করবে। তবে আমি মনে করি যে কোন হাসপাতাল বা ভার্সিটি পরিচালনা ও ডিসিপ্লিন দেখার জন্য নিয়োগপ্রাপ্ত কেউ আছেন। সেখানেও হয়ত আছেন। তাই হাসপাতাল কর্তৃপক্ষের এখানে একটা রোল প্লে করার বিষয় রয়েছে।
এসআরবি-৭ এর অধিনায়ক আরও বলেন, চমেক হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধেই আমরা এই অভিযান পরিচালনা করেছি। আবার অভিযান পরিচালনা করতে তথ্য প্রমাণও লাগে। আগে আমরা সাদা পোশাকে সেই তথ্য প্রমাণ সংগ্রহ করেছি পরে অভিযান চালিয়ে ২০ জন দালালকে আটক করেছি। তবে সবাইকে যে আটক করতে পেরেছি তাও কিন্তু নয়। ওইদিন অনেকে আসেননি অনুষ্ঠান থাকায়। এ অভিযানের মাধ্যমে আমরা একটা মেসেজ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তবে প্রতিদিন অভিযান পরিচালনা করাও আমাদের পক্ষে সম্ভব না। হাসপাতাল দালালমুক্ত রাখতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন দালালের বিষয়টি স্বীকার করে বলেন, হাসপাতালের ভেতর দালাল নির্মূল করার দায়িত্ব আমার। কিন্তু বাইরে যেসব হাসপাতাল, ক্লিনিক ল্যাব ও ফার্মেসি নেপথ্যে রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার দায়িত্ব সিভিল সার্জনের। দালালদের বিরুদ্ধে প্রতিনিয়ত আমাদের অভিযান চলমান আছে, থাকবে। প্রায় প্রতিদিনই ৩-৪ জন করে আটক করা হচ্ছে। রোগী ও স্বজনের দালালদের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
অবৈতনিক কর্মচারীরা অবৈধ জানিয়ে হাসপাতাল পরিচালক বলেন, অবৈধদের আমি বৈধতা দিতে পারি না। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ আসে সাথে সাথে তাদের বের করে দিই। লোকবল সংকট এবং হাসপাতালের স্বার্থে বাধ্য হয়ে তাদের রাখতে হচ্ছে। একবার বের করে দিয়েছিলাম সবাইকে। এরপর দেখি প্রায় সব ওয়ার্ড থেকে ফোন আসছে দুর্গন্ধ, ময়লায় থাকা যাচ্ছে না, রোগীদের কষ্ট হয়ে যাচ্ছে। তাই বাধ্য হয়ে তাদের রেখেছি। মোট কথা আমার ম্যান পাওয়ার খুবই কম।
জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, দালালের বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। সেক্ষেত্রে আমরা ক্লিনিক মালিক সমিতির সঙ্গে সভা এবং তাদের সতর্ক করেছি। তারা যেন এসব কাজে না জড়ায়। তবে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে দালালদের আনাগোনা বন্ধ করতে পারেন। এখানে তো পুলিশ, আনসার সবই আছে। মোট কথা হচ্ছে আন্তরিকতার ঘাটতি আছে। এছাড়া অবৈতনতিক হিসেবে নিয়োগ মানেই তো দালালদের বৈধ করে দেওয়া। সরকারি হাসপাতালে অবৈতনিক আবার কী? বৈধদের চেয়ে অবৈধদের আয় আরও বেশি। কর্তৃপক্ষ এসব জেনে সংকটের অজুহাতে তাদের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। শুধু অভিযান চালিয়ে কখনও দালাল নির্মূল করা সম্ভব নয়। এসব এক ধরনের আইওয়াশ।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ জুন ৭০ জনকে আটক করে তৎকালীন র্যাব-৭। এরপর যাচাই-বাছাই করে ২১ জনকে সাজা দেওয়া হয়। এছাড়া ২০২৪ সালের ২০ মার্চের অভিযানে ৩৯ দালালকে আটক করা হয়। এর মধ্যে ১৪ জনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদন্ড এবং ২৫ জনকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত।