ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণ আইন, ২০০৫-এর সংশোধনী আইন-২০২৬, রেলওয়ে আইন-১৮৯০ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নগরীর সিআরবিতে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ে রেলপথ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘ইনবাইটেশন টু মেক বাংলাদেশ রেলওয়ে ট্টোব্যাকো ফৃ (আইএমবিআরটিএফ) ফেজ-৩ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলওয়ে হাসপাতাল, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ (জিআরপি), বিভিন্ন স্টেশনের কর্মকর্তা-কর্মচারী এবং চলন্ত ট্রেনে দায়িত্ব পালনকারী কর্মচারীসহ মোট ২৫ জন অংশ নেন।
প্রশিক্ষণে তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬-এর সংশোধনী, রেলওয়ে আইন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ রেলওয়েকে সম্পূর্ণ ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবায় রূপান্তরের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন।
প্রধান অতিথির বক্তব্যে সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, রেলসেবার মান উন্নয়নে ধূমপানমুক্ত পরিবেশ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। রেলওয়ে স্টেশন ও ট্রেনে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে যাত্রীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব সেবা দেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, এটি বাংলাদেশ রেলওয়ের মিশন ও ভিশনের সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। রেলওয়ে প্রাঙ্গণে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সচিব স্টেশনসহ রেলওয়ের বিভিন্ন স্থাপনা এবং চলন্ত ট্রেনে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং রেলওয়ে শ্রমিকদলের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।