কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের এক স্টুয়ার্ডের কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব -৭)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রেনের ওই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ মাহাবুর রহমান (২০)। তিনি জামালপুরের মেলান্দহ থানার নলছিয়া এলাকার আজব বাদশার ছেলে। মাহাবুর ট্রেনটির দায়িত্বে থাকা এস এ কর্পোরেশনের কর্মী।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে তাকে গ্রেপ্তারের তথ্য জানায় র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ড ট্রেনের ভেতর বিপুল ইয়াবা বহন করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের দিকে আসছেন। খবর পেয়ে র্যাবের একটি দল বিকাল সাড়ে তিনটার দিকে স্টেশন এলাকায় অবস্থান নেয়।
ট্রেনটি ৫ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালে ট্রেনের ‘জ’ বগি থেকে নেমে এক যুবক পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন হিসেবে মাহাবুরকে আটক করে র্যাব সদস্যরা। পরে ট্রেনের টয়লেটে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য চট্টগ্রাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এই ইয়াবা পাচারের সাথে এস এ করপোরেশনের আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান র্যাব এর কর্মকর্তা এ আর এম মোজাফ্ফর হোসেন।