কলকাতায় নিউমার্কেট এলাকায় ফ্রি স্কুল স্ট্রিটের ‘শিখা ইন’ আবাসিক হোটেলে আগুনে পৃুড়ে মারা গেলো বাংলাদেশি এক সাংবাদিক পরিবারের চার সদস্য। এছাড়া ঢাকার অধিবাসী আরও এক শিশু মারা গেছে। মৃত অপর তিনজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিনগত মধ্যরাতের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ছয়জন দ্বগ্ধ হয়েছেন। তাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস।
শনাক্ত হওয়া মৃত ব্যক্তিরা হলেন— কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়ার বাসিন্দা ও আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবাশিস দত্ত (৩৭), তার স্ত্রী আফসানা শিম্মিন (২৫), তাদের তার শিশুসন্তান শর্ণশিষ দত্ত (২) এবং দেবাশিসের শশুর মো. আকরাম আলী (৬৪)। এছাড়া ঢাকার সাভারের বেগুনবাড়ি এলাকার শিশু আহমেদ বাবু (২)
ফায়ার সার্ভিসের ধারণা, মৃত বাংলাদেশি নাগরিকরা চিকিৎসা নিতে কলকাতায় এসেছিলেন। বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার সময় হোটেলের বেশিরভাগ লোক ঘুমিয়ে ছিলেন। আগুনের সঙ্গে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় অনেকে ভবনের ভেতরে আটকা পড়েন।
স্থানীয়দের দাবি, আগুনের সময় অনেকে ধোঁয়া থেকে বাঁচতে বাথরুমে আশ্রয় নিয়েছিলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ল্যাডার ব্যবহার করে ভবনের বিভিন্ন অংশ থেকে আটকে পড়াদের উদ্ধার করেন।
খবর পেয়ে দমকল বাহিনীর চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আটকে পড়াদের উদ্ধার করে। আগুন লাগার সঠিক কারণ এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
তবে এসি বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত বাংলাদেশিরাও কলকাতায় কেন এসেছিলেন তার অনুসন্ধান চলছে। সার্বিক বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।