বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর ক্যাম্পাসের পুকুরে গোসল করতে গিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। চুয়েটের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুই শিক্ষার্থী হলেন- ২৪ ব্যাচের অর্ণব চন্দ (২২) ও শান্ত দেব (২৩)। নিহত অর্ণব চন্দ কম্পিউটার ও সায়েন্স ডিপার্টমেন্ট ও শান্ত দেব থ্রিপলি ডিপার্টমেন্টের শিক্ষার্থী। তারা দুজনই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্র। তাদের দুইজনের বাড়ি সিলেট বলে জানা গেছে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ক্যাম্পাসের মাঠে ফুটবল খেলা শেষে অর্ণব ও শান্ত হলের পাশের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তারা পুকুরের মাঝামাঝি অংশে সাতার কাটতে গিয়ে পানিতে ডুবে যান। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু হয়।
প্রায় ২০ মিনিট পর অর্ণবকে এবং ৪৫ মিনিট পর শান্তকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে তাদের চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। গত কিছুদিন আগেও চুয়েটে খেলাশেষে গোসল করতে নেমে আরো এক শিক্ষাথী পুকুরে ডুবে মারা গিয়েছিল বলে জানান স্থানীয়রা।