ম্যাচ শেষে গোলপোস্টের লোহার বারে ঝুলে জয় উল্লাস করতে গিয়ে সেটি ভেঙে বুকের ওপর পড়ে তরুণ ফুটবলার মাহিদুল ইসলামের (২০)। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মহানগরের হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিদুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার কোনোপদিয়া এলাকার রাসেল গাজীর ছেলে। তিনি চট্টগ্রাম মহানগরের কলসির দীঘির পাড় এলাকায় দুলাভাইয়ের সঙ্গে থাকতেন এবং রংমিস্ত্রির কাজ করতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় মাহিদুল ইসলামকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, মাহিদুল ইসলামের মরদেহ নিউমুরিং এলাকায় নেওয়া হয়েছে। সেখানে গোসল শেষে নিজ বাড়ি পটুয়াখালীর বাউফলে নিয়ে দাফন করা হবে।
মাহিদুল ইসলামের দুলাভাই মো. রবিউল জানান, সকালে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিলেন মাহিদুল। খেলা জয়ের পর উল্লাস করতে গিয়ে তিনি গোলপোস্টের লোহার বারে ঝুলে পড়েন। এ সময় গোলবারটি খুলে গিয়ে তার বুকের ওপর পড়ে। এতে গুরুতর আহত হয় মাহিদুল ইসলাম। পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালাতো ভাই মোহাম্মদ মনির জানান, বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটবে, কেউ কল্পনাও করেননি। উল্লাসের মুহূর্তেই পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভে গেল।