দুই রপ্তানি চালানে দেড় কোটি টাকার শুল্ক ও কর ফাঁকির অভিযোগে চট্টগ্রাম ও ঢাকার দুই কন্টেইনার ডিপোতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম কাস্টমস। অভিযানে মিলেছে প্রমাণও।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর জানিয়েছে, গত বুধবার চট্টগ্রাম কাস্টমসের দুটি দল আলাদা দুটি অভ্যন্তরীণ কন্টেনার ডিপোতে অভিযান চালায়। কিউএনএস কন্টেনার সার্ভিস লিমিটেড নামের ডিপোতে ঢাকার সাভারের ঈগল টেক্সটাইলসের একটি রপ্তানি চালান শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।
চালানের ঘোষণায় চার ধরনের মোট ২৩৭ কার্টন পণ্যের কথা বলা হলেও কায়িক পরীক্ষায় ১৪ ধরনের পণ্য ২৩৭টি বস্তায় ১ লাখ ৭৩ হাজার ৩৪৯ পিস ‘স্টক লট’ তৈরি পোশাক হিসেবে পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্ড সুবিধার আওতায় আমদানি করা কাপড় অবৈধভাবে অপসারণ করা হয়েছে। এতে করে শুল্ক ফাঁকির ঘটনা ঘটেছে প্রায় ৮০ লাখ টাকা। আর স্থানীয়ভাবে সংগৃহীত তৈরি পোশাকের বিপরীতে সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট ফাঁকির পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।
এছাড়া গত বুধবার বিকালে আরেকটি অভিযান পরিচালিত হয় চট্টগ্রামের বেসরকারি অফডক শফি মোটরস লিমিটেডে। সেখানে রিজ নিটওয়্যার লিমিটেডের রপ্তানি চালানের ঘোষণায় এক ধরণের ৬৮৭ কার্টুন পণ্যের কথা বলা হলেও ৫০ ধরনের পোশাক পণ্য মিলেছে, যা রপ্তানির ঘোষণা বহির্ভূত।
এ চালানে বিজিএমইএ এর দেওয়া ইউটিলাইজেশন ডিক্লারেশন–ইউডি অনুসারে ৯৬ শতাংশ পলিস্টার ও ৪ শতাংশ স্পেনডেস্ক ফেব্রিঙের ৬৫ হাজার ৫০ পিস পণ্য কায়িক পরীক্ষায় পাওয়া যায়নি বলে এনবিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এক্ষেত্রে বন্ড সুবিধায় আমদানিকৃত কাপড় অবৈধভাবে অপসারণের সঙ্গে জড়িত শুল্কের পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা। এই দুটি চালানের চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত ও মামলা দায়েরের কার্যক্রম চলমান আছে বলে জানিয়েছে এনবিআর।