টানা ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে রেল লাইন। ফলে ঢাকা ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকায়।
মঙ্গলবার বেলা ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি আটকা পড়ে। বিকাল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করতে পারেনি। ফলে চট্টগ্রাম-কক্সবাজার লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
চট্টগ্রাম ষোলশহর স্টেশনের মাস্টার আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ৬৫০ জনের বেশি যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের দিকে যাচ্ছিল। ষোলশহর স্টেশন পার হয়ে কিছু দূর গিয়ে ট্রেনটি পানির কারণে আর এগোতে পারেনি।
পরে ট্রেনটি পিছিয়ে ষোলশহর স্টেশনে এনে রাখা হয়েছে। রেললাইন থেকে পানি সরলে তারপরই ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মঙ্গলবার সকাল সোয়া ৬টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে পর্যটক এক্সপ্রেস যাত্রা শুরু করে।
একই সময়ে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের পথেও বাধা সৃষ্টি হয়। দোহাজারী এলাকায় রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ায় ট্রেনটি সেখানে আটকে রাখা হয়েছে বলে জানান স্টেশন মাস্টার আরিফুল ইসলাম। ফলে চট্টগ্রাম-কক্সবাজার লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার দিনগত মধ্যরাত থেকে চট্টগ্রামে ভারী বর্ষণ শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামের নিচু এলাকা ডুবে যেতে শুরু করে। দুপুরের দিকে বঙ্গোপসাগরের জোয়ারের পানি কর্ণফুলী দিয়ে উপচে পড়ে চট্টগ্রাম ষোলশহরসহ শহরের বেশিরভাগ জায়গা জলমগ্ন হয়ে পড়ে। বর্তমানে পানিতে থই থই করছে চট্টগ্রাম শহর। থেমে থেমে চলছে ভারী বর্ষণ।
পতেঙ্গা আবাহাওয়া অফিসের আবহাওয়াবিদ মাহমুদুল আলম জানান, মঙ্গলবার ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। অতি ভারি বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। পাশাপাশি কয়েকটি এলাকার মূল সড়কেও পানি উঠেছে।