চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ৫১ নং হিলাগাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিনের রাঙ্গুনিয়া প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মো. মঞ্জুরুল ইসলাম।
তিনি জাতীয়তাবাদি দল বিএনপির অঙ্গ সংগঠন জিয়া মঞ্চের চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। আর নতুন ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি হলেন পোমরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সবুর।
রাঙ্গুনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি, ইউএনও মো. নাজমুল হোসেন ও সদস্য সচিব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিপি রাণী গোপ এ কমিটির অনুমোদন দেন। পদাধিকার বলে অনুমোদিত কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মুনিরুজ্জামান চৌধুরী।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন— মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ খোরশেদ আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা এসএম আব্দুল কাদের, জমিদাতা আবুল হাসেম চৌধুরী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি রেখা সুলতানা, অভিভাবক সদস্য জাফর আহমদ, সাগর দেবনাথ, ইয়াসমিন আক্তার, পারভীন আক্তার, লাকি আক্তার।
দায়িত্ব পেয়েই কমিটির সভাপতি সাংবাদিক মো. মঞ্জুরুল ইসলাম বলেন, দায়িত্ব যখন পেয়েছি তা সঠিকভাবে পালন করা হবে। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুন্দর ও আধুনিক করার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, বিদ্যালয় শুধু পাঠ্যবই পড়ানোর প্রতিষ্ঠান নয়; শিশুদের নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার অন্যতম প্রধান ক্ষেত্র। একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষকরা যাতে নির্বিঘ্নে পাঠদান করতে পারেন এবং শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে, সে লক্ষ্যে কমিটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তিনি বিদ্যালয়ের উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষানুরাগী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।