চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বন্দর কর্তৃপক্ষের একটি জাহাজ থেকে চোরাইভাবে ডিজেল পাচারের সময় প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাকারবারির সঙ্গে জড়িত চক্রের ৯ সদস্যকে আটক করা হয়।
রোববার (১০ মে) দিনগত রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার (৯ মে) রাত ১০টার দিকে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকার ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন কর্ণফুলী নদীতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কান্ডারী-৬’ জাহাজ থেকে ‘ওটি আজু শাহ’ নামের একটি অয়েল ট্যাঙ্কারে চোরাইভাবে ডিজেল পাচারের সময় প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় চোরাকারবারিদের ৯ জন সদস্যকে আটক করা হয়। পরে জব্দ করা ডিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বন্দর কর্তৃপক্ষ বিষংয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে।
এ ঘটনায় পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট বিভাগকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের পরিচালক (এডমিন) মো. ওমর ফারুক।
Dainik Ishan | দৈনিক ঈশান
Dainik Ishan | দৈনিক ঈশান










