চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৭ ভরি (৪২৭ গ্রাম) ওজনের ৯টি অবৈধ স্বর্ণেরবারসহ তামিম আনসারী নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। স্বর্ণেরবারগুলো তার অন্তর্বাসের ভেতর পেস্ট আকারে লুকানো ছিল।
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে শারজাহ থেকে এয়ার আরাবিয়ার জি-৯-৫২৬ ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আসে ওই ভারতীয় ওই নাগরিক। তিনি ভারতের তামিলনাডু রাজ্যের চেন্নাইয়ের বাসিন্দা।
শনিবার বিকেলে এ তথ্য জানান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হলের গ্রিন চ্যানেলে তল্লাশির সময় ওই যাত্রীর আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ পেস্ট আকারে লুকিয়ে রাখা ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ৪২৭ গ্রাম, যা বাংলাদেশি হিসাবে প্রায় ৩৭ ভরি। এর আনুমানিক বাজারমূল্য ৮১ লাখ ৬৬ হাজার ৩৭৫ টাকা। উদ্ধারকৃত স্বর্ণের চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বর্ণ পরিবহনের সঙ্গে জড়িত আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করা রয়েছে।
মামলা শেষে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। বৈদেশিক মুদ্রা পাচার রোধ এবং স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থাসমূহ, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বিমানবন্দর কর্তৃপক্ষ (বেবিচক) সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে নজরদারি কার্যক্রম অব্যাহত রাখছে বলে জানান বিমান বন্দরের এই কর্মকর্তা।