ঢাকাগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত (এসি) চেয়ার কোচের কম্প্রেসারে ত্রুটি দেখা দেওয়ায় মিরসরাইয়ে চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘন্টা পর ত্রুটির আংশিক সমাধান হলেও ট্রেনটি ধীরগতিতে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
সোনার বাংলা এক্সপ্রেসের পরিচালক সুজন দত্ত শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যার দিকে এ তথ্য জানান। তিনি জানান,
শুক্রবার বিকেল ৫টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়েই ঢাকার উদ্দেশে ছেড়ে যায় সোনার বাংলা এক্সপ্রেস। সীতাকুন্ড এলাকা অতিক্রম করার পর একটি এসি কোচের কম্প্রেসারে ত্রুটি দেখা দিলে মিরসরাইয়ের উত্তর ওয়াহেদপুর এলাকায় ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।
তিনি জানান, কম্প্রেসার থেকে অনবরত বাতাস বের হওয়ায় তাৎক্ষণিকভাবে ট্রেনটি চালানো সম্ভব হয়নি। কম্প্রেসারের ত্রুটি সারাতে কারিগরি কর্মীরা প্রায় এক ঘন্টা ধরে কাজ করেছেন। কিন্তু পুরোপুরি ত্রুটি সারনো সম্ভব হয়নি। ফলে ত্রুটি নিয়েই ধীরগতিতে ট্রেনটি ঢাকা অভিমুখে যাত্রা শুরু করেছে।
ট্রেনে থাকা এক যাত্রী জানান, নির্ধারিত সময়েই ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়েছিল। কিন্তু সীতাকুন্ড পার হওয়ার পর হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে উত্তর ওয়াহেদপুর এলাকায় ট্রেনটি থেমে যায়। এ সময় একই রেলপথে চলাচলকারী চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেসও সোনার বাংলা এক্সপ্রেসের পেছনে অপেক্ষমাণ থাকায় দুটি ট্রেনের শত শত যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়। এক ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেনটি ঢাকার দিকে যাত্রা শুরু করে। এ নিয়ে চরম আতঙ্কে রয়েছেন যাত্রীরা।
তিনি আরও বলেন, সোনার বাংলা এক্সপ্রেসে যতবার ভ্রমণ করেছি, ততবারই কোনো না কোনো সমস্যার মুখে পড়তে হয়েছে। এবারও যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় ধরে আটকে থাকতে হয়েছে। ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।
এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী সাদেকুর রহমান বলেন, সোনার বাংলা এক্সপ্রেসের যান্ত্রিক ত্রুটির কিছুটা সমাধান হয়েছে। ট্রনটি এখন ঢাকা অভিমুখে যাত্রা শুরু করেছে। ঢাকায় পৌছার পর পুরোপুরি ত্রুটি সারানোর কাজ শুরু করা হবে।