দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে ঘিরে ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, পুলিশ বক্স ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটছে গত দুই মাস ধরে।
চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিক নানা সহিংস কর্মকান্ডের মধ্য দিয়ে চরম অস্থিরতা তৈরি করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর কতিপয় নেতাকর্মী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, অক্টোবর-নভেম্বর মাসে এ পর্যন্ত চট্টগ্রাম মহানগরী ও জেলায় কমপক্ষে দু‘শতাধিক ছোট-বড় নাশকতার ঘটনার তথ্য পেয়েছেন তারা। যদিও সব ঘটনায় মামলা হয়নি। এসব নাশকতায় মাঠে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরাই সক্রিয় সবচেয়ে বেশি।
আর তাদের এসব কর্মকান্ডের নাটাই চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগপন্থী কিছু নেতা, সাবেক কাউন্সিলর, সুবিধাভোগী শিল্প-কারখানার মালিক, ব্যবসায়ী ও সাংবাদিকের হাতে। আর দলটির পলাতক শাখার নেতারা এসব সহিংস কর্মসূচির ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।
এদিকে নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশের অবস্থান নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রকাশ্যে কথা বলতে আগ্রহী নন। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক ও অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম সরাসরি এড়িয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম রেঞ্জের ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেন, নিষিদ্ধ দলের নাশকতা, তাদের সঙ্গে স¤পর্ক থাকার সন্দেহে নজরদারি, মামলা-গ্রেফতার, ডিসেম্বর নিয়ে নানা জল্পনা-কল্পনাসহ সামগ্রিক পরিস্থিতিতে কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি রয়েছে। অনিশ্চিত পরিস্থিতিতে কেউ আগ বাড়িয়ে কোনো বক্তব্য দিয়ে বিপদের মুখোমুখি হতে চান না।
চট্টগ্রাম মহানগরে উল্লেখযোগ্য সহিংস ঘটনা :
সিএমপির তথ্য মতে, গত অক্টোবর মাসে চট্টগ্রাম মহানগরীর ১৬ থানা এলাকায় শতাধিক ঝটিকা মিছিল হয়েছে। ২ অক্টোবর নগরীর কোতোয়ালি থানার সিআরবি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিলের মধ্য দিয়ে শুরু হয় এ কর্মসূচি।
এরপর থেকে প্রায় প্রতিদিনই নগরীর কোথাও না কোথাও ঝটিকা মিছিল হচ্ছে। এসব ঘটনায় এ মাসে নগরীর বিভিন্ন থানায় সাতটি মামলা করা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। যাতে নিষিদ্ধ দলের ৫৬৫ জন নেতাকর্মী আসামি। গ্রেফতার হয়েছে ৪৪ জন।
তবে নভেম্বরের শুরু থেকেই নগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল নাশকতামূলক কর্মকান্ডে রূপ নিতে শুরু করে। ২৮ নভেম্বর পর্যন্ত বিভিন্ন এলাকায় শতাধিক নাশকতার ঘটনা ঘটেছে। মামলা করা হয়েছে ২২টি। গ্রেফতার হয়েছে ৮০ জন।
গত ২৬ ও ২৭ নভেম্বর রাতে নগরীর পাহাড়তলী থানার উত্তর কাট্টলী ভূমি অফিসের একটি কক্ষে এবং বড়পোল এলাকার ট্রাফিক পুলিশ বক্সসহ চারটি পুলিশ বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে নভেম্বরের মাঝামাঝি সময়ে চট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাসা, বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সর্বশেষ ২৭ নভেম্বর কোতোয়ালি থানার সিনেমা প্যালেস মোড় থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়ক হয়ে রাইফেল ক্লাব অতিক্রম করে শাহ আমানত মার্কেটের দিকে যায়। এ ঘটনায় পুলিশ ধাওয়া দিয়ে ২০ জনকে আটক করে।
এর আগে ২৫ নভেম্বর বুধবার বিকালে নগরীর হালিশহর বিডিআর মাঠে ফুটবল খেলার আসরে গিয়ে হামলার শিকার হন এমপি সাঈদ আল নোমান। তার গাড়িও ভাঙচুর করা হয়। এর আগে গত ২৩ নভেম্বর দামপাড়া পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং পরবর্তীতে খুলশী থানা-পুলিশ সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
এছাড়া নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে (বিশেষ করে ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে) চট্টগ্রামের বিভিন্ন সড়কে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করে।
সিএমপির এক কর্মকর্তা বলেন, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারীরা শহরে অধিকাংশ নাশকতায় জড়িত। কয়েকজন সাবেক কাউন্সিলর, সুবিধাভোগী শিল্প-কারখানার মালিক, ব্যবসায়ী ও সাংবাদিক আত্নগোপনে থেকেও নাশকতার জন্য কর্মীদের অর্থায়ন করছেন বলে খবর পাওয়া গেছে।
সিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশীদ বলেন, নাশকতাকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান আগের চেয়ে জোরদার। রাতভর শহরের বিভিন্ন এলাকায় নাশকতাকারীদের ধরতে অভিযান চলছে। নগরীর ফ্লাইওভারগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। শহরের গুরুত্বপুর্ণ মোড় ও স্থাপনাসমুহে পুলিশী তৎপরতা জোরদার করা হয়েছে।
উপজেলায় সংগঠিত উল্লেখযোগ্য ঘটনা :
জেলা পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য বলছে, অক্টোবর-নভেম্বরে জেলার বিভিন্ন উপজেলায় ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, যানবাহন ভাঙচুর, সড়ক অবরোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে তালা লাগানোর মতো ঘটনা ঘটেছে। নভেম্বরের মধ্যভাগে এসে কয়েকটি উপজেলায় এসব তৎপরতা আরও বেড়েছে।
উপজেলাগুলোর মধ্যে ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, আনোয়ারা, রাউজান, পটিয়া, চন্দনাইশ ও সাতকানিয়া অন্যতম। এসব উপজেলায় ইতোমধ্যে নানা ধরণের সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত অনেককে পুলিশ গ্রেফতারও করেছে।
সর্বশেষ ২৮ নভেম্বর সন্ধ্যায় আনোয়ারা উপজেলায় মশাল মিছিলকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া ঝটিকা ও মশাল মিছিল এবং সংঘর্ষ. কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও গোপন বৈঠককে কেন্দ্র করে বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়ায়।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ রাসেল বলেন, দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে ঘিরে নাশকতাকারীরা বেপরোয়া হয়ে উঠেছে- এমন পর্যবেক্ষণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
তিনি বলেন, শুরুতে চট্টগ্রামের পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে কিছু সময় নিয়েছিল। ডিসেম্বর ঘনিয়ে আসার পর এবার রীতিমতো কোমর বেঁধে মাঠে নেমেছেন পুলিশকর্তারা। নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান জোরালো হয়েছে। গ্রেফতারের সংখ্যাও বাড়ছে। একই সঙ্গে বাড়ছে মামলাও।
অজানা আতঙ্কে নগরবাসী :
সহিংস পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরবাসীর মধ্যে এক ধরনের অজানা আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যার পর থেকে রাস্তায় যান ও লোক চলাচল কমতে শুরু করেছে। ব্যবসা-বাণিজ্যের গতিও ধীর হয়ে এসেছে।
নগরীর ব্যস্ততম বহদ্দারহাট বাজারের মাছ বিক্রেতা আজাদ বলেন, কয়েক সপ্তাহ ধরে কাস্টমার খুব কম। তাজা বড় বড় মাছ নিয়ে বসে থাকি। ক্রেতা নেই আগের মতো। শুক্রবার সবচেয়ে বেশি ক্রেতা আসেন বাজারে। গত শুক্রবার বেচাকেনা হয়েছে খুব কম।
চকবাজার মোড়ের রিক্সাচালক কামাল উদ্দিন বলেন, শেখ হাসিনা আসবে-এটা নিয়ে দেশের মানুষের মাঝে আবার আতঙ্ক বিরাজ করছে। দেশটা শান্তি হইব না কোনদিনও। রাজনীতিকরা দেশটাকে ধ্বংস করে দিল। মাঝখানে যতকষ্ট সব গরিবের।
মাঠে বিএনপি নেতাকর্মীরা :
এদিকে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে বিভিন্ন এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির নেতা ডা. শাহাদাত হোসেন, এমপি আবু সুফিয়ান, এমপি সাঈদ আল নোমানের নেতৃত্বে প্রায় প্রতিদিন মিছিল-সমাবেশ চলছে।
কোতোয়ালির এমপি বিএনপির নেতা আবু সুফিয়ান বলেন, মানুষ ভোট দিয়ে আমাদের ওপর আস্থা রেখেছেন। তাদের আশ্বস্ত করা আমাদের দায়িত্ব। আমরা জনগণের সঙ্গে মাঠে আছি।
নিরাপত্তা জোরদার ও বিজিবি মোতায়েন :
সিএমপির তথ্যমতে, নাশকতা ও সহিংসতা প্রতিরোধে নভেম্বরের তৃতীয় সপ্তাহে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চট্টগ্রাম মহানগরে ছয় প্লাটুন এবং জেলার বিভিন্ন উপজেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি হামলা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ট্রাফিক পুলিশ বক্সগুলোতে রাতে সার্জেন্ট ও কনস্টেবলদের বিশেষ ডিউটি এবং যৌথ চেকপোস্ট বসানো হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ শামসুল হক জানিয়েছেন, আগামী মাসকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় কোনো অবনতির আশঙ্কা নেই এবং যেকোনো নাশকতা মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।