বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বাচশিস) ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন।
শিবা সানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তার প্রতিদ্বন্দ্বী ফাইটার ও প্রযোজক আরমান পেয়েছেন ১৪৩ ভোট। অন্যদিকে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।
শনিবার (৪ জুলাই) ভোরে এফডিসিতে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। ফলাফলে সহ-সভাপতির দুই পদে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। ডি এ তায়েব সর্বোচ্চ ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা ২১৬ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী রোজিনা ১৫২ এবং নূতন ২০৪ ভোট পেয়েছেন।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত। তাঁর প্রতিদ্বন্দ্বী রিনা খান পেয়েছেন ১৫০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী চুন্ন পেয়েছেন ১৮৩ ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। প্রতিদ্বন্দ্বী পলি পেয়েছেন ১৪৪ ভোট।
দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ২২১ ভোট পেয়েছেন জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী রাসেল মিয়া ১৯৫ ভোট পেয়েছেন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ইউসুফ খান পেয়েছেন ৭২ ভোট।
কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল ২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।
কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদে বিজয়ীরা হলেন- চিত্রনায়ক কায়েস আরজু, আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা ও ফরহাদ। তাদের মধ্যে ৩২৪ ভোট পেয়ে প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কায়েস আরজু।
কমিটির সদস্যদের স্বাক্ষরিত ফলাফলের একটি বিবরণীতে বলা হয়েছে, এবারের নির্বাচনে ৫৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৮০ জন। ভোট গণনায় ৪১৬টি ব্যালট বৈধ এবং ৬৪টি বাতিল বলে গণ্য হয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি ছিল। নির্বাচন ঘিরে এক মাস ধরে চলচ্চিত্রশিল্পীদের উপস্থিতিতে সরগরম ছিল এফডিসি প্রাঙ্গণ।