চট্টগ্রামের আনোয়ারায় একটি আবাসিক ভবনের চার তলার বেলকনি থেকে পড়ে মোহাম্মদ আবির (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

ঈশান প্রতিবেদক১ আগস্ট, ২০২৬, ৮:০৯ AMচট্টগ্রামের আনোয়ারায় একটি আবাসিক ভবনের চার তলার বেলকনি থেকে পড়ে মোহাম্মদ আবির (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
নিহত আবির রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দেলোয়ার ও মোছাম্মৎ নিলা আক্তার দম্পতির একমাত্র সন্তান। দীর্ঘদিন ধরে পরিবারটি পশ্চিমচাল এলাকার গুলবাহার আবাসিক ভবনের চতুর্থ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।
স্থানীয় সূত্র জানায়, রাতে শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে চঞ্চল স্বভাবের আবির বেলকনিতে চলে যায়। রেলিংবিহীন বেলকনিতে খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়।
বিকট শব্দ শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ভবন থেকে পড়ে যাওয়া শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।







