চট্টগ্রাম বন্দরের ব্যস্ততম সল্টগোলা ক্রসিংয় এলাকায় রেললাইনের দুই পাশ এবং ফুটপাত দখল করে গড়ে উঠেছে শতাধিক অবৈধ দোকানপাট ও ভাসমান বাজার। যেখান থেকে কোটি টাকার সালামি ও ভাড়া বাণিজ্য চালাচ্ছে স্থানীয় বিএনপি নেতাদের একটি প্রভাবশালী সিন্ডিকেট।
যার মুলে রয়েছেন ট্যাংকলরী মালিক সমিতির স্ব-ঘোষিত সভাপতি ও বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. কামাল উদ্দিন। তাদের প্রতিনিধি হিসেবে অবৈধ এই দখল বাণিজ্য চালাচ্ছেন নগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম।
এই দখল বাণিজ্যের কারণে একদিকে মারাত্মক ঝুঁকিতে পড়েছে রেল চলাচল, অন্যদিকে কোটি টাকার সালামি ও ভাড়া বাণিজ্যে চরম ক্ষোভ বিরাজ করছে সাধারণ মানুষ ও স্থানীয় মানুষের মধ্যে।
স্থানীয়দের ভাষ্য, দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম সল্টগোলা ক্রসিং এলাকায় চট্টগ্রাম বন্দর ও রেলের দু‘পাশ দখল করে অবৈধ দোকানপাট ও ভাসমান বাজার গড়ে তোলা হয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে নামমাত্র লীজ নিয়ে রেলের বিপুল পরিমাণ জায়গা জবরদখল করে কোটি কোটি টাকার বাণিজ্যে নেমেছে বর্তমান ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে ট্যাংকলরী মালিক সমিতির স্ব-ঘোষিত সভাপতি ও বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. কামাল উদ্দিন বলেন, বন্দর বা রেলের জায়গা দখলের সাথে আমি নাই। থাকলে প্রমাণ করেন।
জানতে চাইলে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, চট্টগ্রাম বন্দর থেকে লীজ নিয়ে আমরা ইনভেস্ট করছি। রেলের কোন জায়গা আমরা দখল করিনি। রেলের জায়গা দখল করলে রেলকে বলেন আমাদের উচ্ছেদ করতে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতার পর ওই জায়গা পুলিশ ও পলিটিক্যাল মানুষ অবৈধভাবে ভোগ করেছে। এই প্রথম রাজস্ব দিয়ে আমরা লীজ নিয়েছি। আর এতে মানুষের চুলকানি শুরু হয়ে গেছে। আমরা যা করছি সম্পূর্ণ বৈধভাবে করছি।
বন্দর থেকে লীজ নিয়ে রেলের বিপুল জমি জবর দখল
তথ্য অনুসন্ধানে জানা গেছে, গত ১৩ মে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে ছয় মাসের জন্য ৮ হাজার বর্গফুট জায়গা লীজ নেন স্থানীয় বিএনপি নেতা ও বন্দরের ঠিকাদার মো. আব্বাস উদ্দিন।
তবে সেই ৮ হাজার বর্গফুট জায়গার আড়ালে সিডিএ ফ্লাইওভারের নিচসহ রেল ও বন্দরের প্রায় ৩০ হাজার বর্গফুট জায়গা বেআইনিভাবে গ্রাস করা হয়েছে।
অভিযোগ রয়েছে, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজের ছত্রছায়ায় এবং তার অনুসারী মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ও স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. কামাল উদ্দিনের নেতৃত্বে এই দখলযজ্ঞ চলছে। যার মূল অপারেশনাল তদারকিতে রয়েছেন মোহাম্মদ সেলিম।
কোটি টাকার সালামি ও ভাড়া বাণিজ্য
দখল সিন্ডিকেটের এই অপকর্মের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছেন বন্দর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মো. হোসেন, যুগ্ম সম্পাদক মাহবুব আলম বাচ্চু, ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি কামরুজ্জামান এবং ক্যাশিয়ারের দায়িত্বে থাকা স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল আলম।
স্থানীয় সূত্র জানায়, দোকানপ্রতি ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত অগ্রিম সালামি আদায় করেছেন সাইফুল আলম। ইতোমধ্যে শুধু সালামি বাবদ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে এই চক্র। এছাড়া প্রতিটি দোকান থেকে প্রতি মাসে ৮ থেকে ১০ হাজার টাকা ভাড়া আদায় করা হচ্ছে।
ভাগ-বাটোয়ারার দ্বন্ধ ও রেলের উচ্ছেদে বাধা
লীজ এককভাবে নিজের নামে নেওয়ার জেরে সিন্ডিকেটের অন্দরেই তৈরি হয়েছে তীব্র কোন্দল। ভেতরের এক সূত্রের দাবি, শীর্ষ নেতা এম এ আজিজ ও আব্বাস উদ্দিনের মধ্যে ৫৫% এবং বাকি ৪৫% অন্য নেতাদের মধ্যে ভাগ-বাটোয়ারার গোপন চুক্তি ছিল।
এদিকে গত ২৮ অক্টোবর রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় অফিস থেকে রেলওয়ের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা বন্ধ করতে গেলে তাদের ওপর চড়াও হন সেলিম, হাজী হোসেন, বাচ্চু ও সাইফুলরা।
রেল কর্মকর্তাদের বিভিন্ন অজুহাতে জিম্মি করে উচ্ছেদ কাজ বন্ধ রাখতে বাধ্য করে এই প্রভাবশালী চক্র। রেলওয়ে থেকে কাজ বন্ধ রাখার কড়া নির্দেশ দেওয়া হলেও তা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতারাতি নির্মাণকাজ শেষ করে দোকানগুলো চালু করা হয়।
উচ্ছেদের এ ঘটনার একদিন পর মো. সেলিম, হাজী হোসেন, বাচ্চু ও সাইফুলসহ দলবল নিয়ে সরাসরি রেলওয়ে পূর্বাঞ্চলের সিআরবিতে সহকারী জিএম মো. ফরিদকে অফিসে এসে ধমক ও হুমকি দেন।
দৈনিক ঈশানের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন সহকারী জিএম মো. ফরিদ হোসেন। তিনি বলেন, রেললাইনের দু‘পাশের রেলের জমি দখল নিয়ে বিএনপির দু‘গ্রুপের মধ্যে দ্বন্ধ লেগেছে। ওই জমি লীজ দেওয়ার জন্য দুই পক্ষই চাপ দিচ্ছে। এমনকি খারাপ আচরণও করছেন তারা।
তিনি বলেন, বন্দর কর্তৃপক্ষ থেকে লীজ নেওয়ার কথা বলে রেলওয়ের জমি দখল করেছে। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে রেল চলাচল। দখল উচ্ছেদ করতে গিয়ে আমরা বাঁধার সম্মুখীনও হয়েছি।
রেলওয়ের ভুমি বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, রেললাইনের পাশের রেলের জমি বন্দর কর্তৃপক্ষ কীভাবে লীজ দেয়? আমরা কাউকে এই জায়গা লীজ দিইনি। লীজ দিলে তো বারবার উচ্ছেদ চালাতে যেতাম?
স্থানীয়দের ভাষ্য
বন্দরের পণ্য পরিবহন ও রেল চলাচলে চরম ঝুঁকি উপেক্ষা করে রেললাইনের সংলগ্ন স্থানে বিদ্যুৎ সংযোগসহ কীভাবে বাজারটি চালু হলো—তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।
অবিলম্বে এই অবৈধ বাণিজ্য ও দখলদারিত্ব উচ্ছেদে রেলওয়ে ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।