চট্টগ্রাম বন্দরের ব্যস্ততম সল্টগোলা ক্রসিংয় এলাকায় রেললাইনের দুই পাশ এবং ফুটপাত দখল করে গড়ে উঠেছে শতাধিক অবৈধ দোকানপাট ও ভাসমান বাজার। চট্টগ্রাম বন্দর থেকে নামমাত্র লীজের দোহাই দিয়ে রেলের বিপুল পরিমাণ জমি জবরদখল করে কোটি টাকার সালামি ও ভাড়া বাণিজ্য চালাচ্ছে স্থানীয় বিএনপি নেতাদের একটি প্রভাবশালী সিন্ডিকেট।
যার মুলে রয়েছেন ট্যাংকলরী মালিক সমিতির স্ব-ঘোষিত সভাপতি ও বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. কামাল উদ্দিন। তাদের প্রতিনিধি হিসেবে অবৈধ এই দখল বাণিজ্য তদারকি করছেন নগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম।
এই দখল বাণিজ্যের কারণে একদিকে মারাত্মক ঝুঁকিতে পড়েছে রেল চলাচল, অন্যদিকে কোটি টাকার সালামি ও মাসোহারা বাণিজ্যে চরম ক্ষোভ বিরাজ করছে সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে।
বন্দর থেকে লীজ নিয়ে রেলের বিপুল জমি জবর দখল
তথ্য অনুসন্ধানে জানা গেছে, গত ১৩ মে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে ছয় মাসের জন্য ৮ হাজার বর্গফুট জায়গা লীজ নেন স্থানীয় বিএনপি নেতা ও বন্দরের ঠিকাদার মো. আব্বাস উদ্দিন।
তবে সেই ৮ হাজার বর্গফুট জায়গার আড়ালে সিডিএ ফ্লাইওভারের নিচসহ রেল ও বন্দরের প্রায় ৩০ হাজার বর্গফুট জায়গা বেআইনিভাবে গ্রাস করা হয়েছে।
অভিযোগ রয়েছে, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজের ছত্রছায়ায় এবং তার অনুসারী নগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ও স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. কামাল উদ্দিনের নেতৃত্বে এই দখলযজ্ঞ চলছে। যার মূল অপারেশনাল তদারকিতে রয়েছেন মোহাম্মদ সেলিম।
কোটি টাকার সালামি ও ভাড়া বাণিজ্য
দখল সিন্ডিকেটের এই অপকর্মের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছেন বন্দর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মো: হোসেন, যুগ্ম সম্পাদক মাহবুব আলম বাচ্চু, ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি কামরুজ্জামান এবং ক্যাশিয়ারের দায়িত্বে থাকা স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল আলম।
স্থানীয় সূত্র জানায়, দোকানপ্রতি ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত অগ্রিম সালামি আদায় করেছেন সাইফুল আলম। ইতিমধ্যে শুধু সালামি বাবদ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে এই চক্র। এছাড়া প্রতিটি দোকান থেকে প্রতি মাসে ৮ থেকে ১০ হাজার টাকা ভাড়া আদায় করা হচ্ছে।
ভাগ-বাটোয়ারার দ্বন্দ্ব ও রেলের উচ্ছেদে বাধা
লীজ এককভাবে নিজের নামে নেওয়ার জেরে সিন্ডিকেটের অন্দরেই তৈরি হয়েছে তীব্র কোন্দল। ভেতরের এক সূত্রের দাবি, শীর্ষ নেতা এম এ আজিজ ও আব্বাস উদ্দিনের মধ্যে ৫৫% এবং বাকি ৪৫% অন্য নেতাদের মধ্যে ভাগ-বাটোয়ারার গোপন চুক্তি ছিল।
এদিকে গত ২৮ অক্টোবর রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় অফিস থেকে রেলওয়ের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা বন্ধ করতে গেলে তাদের ওপর চড়াও হন সেলিম, হাজী হোসেন, বাচ্চু ও সাইফুলরা।
রেল কর্মকর্তাদের বিভিন্ন অজুহাতে জিম্মি করে উচ্ছেদ কাজ বন্ধ রাখতে বাধ্য করে এই প্রভাবশালী চক্র। রেলওয়ে থেকে কাজ বন্ধ রাখার কড়া নির্দেশ দেওয়া হলেও তা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতারাতি নির্মাণকাজ শেষ করে দোকানগুলো চালু করা হয়।
চরম ঝুঁকিতে রেল যোগাযোগ ও জনজীবন
রেলওয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, রেললাইনের পাশের রেলের জমি বন্দর কর্তৃপক্ষ কীভাবে লীজ দেয়? আমরা কাউকে এই জায়গা লীজ দিইনি। লীজ দিলে কি বারবার উচ্ছেদ চালাতে যেতাম?
অন্যদিকে প্রশাসনের নিষেধাজ্ঞা ও চরম ঝুঁকি উপেক্ষা করে কীভাবে রেললাইনের সংলগ্ন এমন স্থানে বিদ্যুৎ সংযোগসহ বাজারটি চালু হলো—তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। অবিলম্বে এই অবৈধ বাণিজ্য ও দখলদারিত্ব উচ্ছেদে রেলওয়ে ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।